শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

যে ভিটামিনের অভাবে বাড়তে পারে চুল পড়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

চুল পড়ার সমস্যা আজকাল অনেকেরই নিত্যসঙ্গী। বিশেষ করে মাথার সামনের দিক থেকে বেশি চুল পড়লে টাক পড়ার আশঙ্কা দেখা দেয়। নারী-পুরুষ নির্বিশেষে এই সমস্যায় ভুগছেন বহু মানুষ। চিকিৎসকদের মতে, প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক।

কিন্তু এর চেয়ে বেশি চুল পড়লে ঝরে যাওয়া জায়গায় নতুন চুল না গজালে তা অবশ্যই চিন্তার বিষয়।
অনেক ক্ষেত্রেই চুল পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় ভিটামিন বি১২-এর অভাব। এই ভিটামিন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত রাখে। অথচ চুলের যত্নে ভিটামিন এ, সি, ডি বা ই নিয়ে যতটা আলোচনা হয়, ভিটামিন বি১২ নিয়ে ততটা হয় না।

অথচ চুলের স্বাস্থ্য ভালো রাখতে এই ভিটামিন অত্যন্ত জরুরি।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সেসের এক রিপোর্ট অনুযায়ী, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ৫৭ শতাংশেরও বেশি মানুষ ভিটামিন বি১২-এর ঘাটতিতে ভুগছেন। এই ভিটামিনের অভাবে শুধু চুল পড়াই নয়, শরীরে নানা সমস্যাও দেখা দিতে পারে—যেমন ঝিমুনি, মাথা ঘোরা, হাত-পা ঝিনঝিন করা বা অসাড় হয়ে যাওয়া। চুলের ডগা ফাটা এবং চুল রুক্ষ হয়ে যাওয়ার সমস্যাও দেখা দেয়।

শুধু সাপ্লিমেন্টের ওপর নির্ভর করলে চলবে না। প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন বি১২-সমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত জরুরি।

কোন খাবার থেকে মিলবে ভিটামিন বি১২?

টক দই বা ইয়োগার্ট খুবই উপকারী। এগুলো প্রোবায়োটিকের ভালো উৎস হওয়ায় হজমশক্তি বাড়ায় এবং শরীরকে পর্যাপ্ত ভিটামিন বি১২ জোগাতে সাহায্য করে।

প্রাণিজ খাদ্যে ভিটামিন বি১২-এর পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে।

ডিম, মাশরুম, বিভিন্ন ধরনের মাংস, কলিজা এবং সামুদ্রিক মাছ এই ভিটামিনের উৎকৃষ্ট উৎস। এ ছাড়া দুধ খেলেও ভিটামিন বি১২-এর চাহিদার অনেকটাই পূরণ করা সম্ভব। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রায় ২.৪ মাইক্রোগ্রাম ভিটামিন বি১২ প্রয়োজন, যার প্রায় ৫০ শতাংশ এক কাপ দুধ থেকেই পাওয়া যেতে পারে।
এ ছাড়া ওটস, কিনোয়া, ডালিয়া-সহ বিভিন্ন দানাশস্যে ভিটামিন বি১২ থাকে। নিয়মিত এই খাবারগুলি খেলে শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি অনেকটাই কমানো সম্ভব।

সূত্র: আনন্দবাজার

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD