রংপুরে বাড়ি থেকে খেলতে বেরিয়ে নিখোঁজের ২৭ দিন পর সিমান বাবু (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ মার্চ) দুপুরে নগরীর তাঁতিপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সিমান বাবু লালমনিরহাটের রাজমিস্ত্রি বেল্লাল মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সিমানকে রংপুরের তাঁতিপাড়ায় নানার বাড়িতে রেখে বাবা বেল্লাল লালমনিরহাটে ও মা শাপলা খাতুন ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে বাড়ি থেকে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় সিমান। কোথাও খুঁজে না পেয়ে ১৫ ফেব্রুয়ারি রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সিমানের নানা আব্দুস সালাম।
এর ২৭ দিন পর শনিবার বেলা ১১টার দিকে বাড়ির কাজ করতে গিয়ে শ্রমিকরা সেপটিক ট্যাংকে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
দুপুর ২ টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে সিমানের মরদেহ উদ্ধার করে। পরে তার পরনের কাপড় ও জুতা দেখে মরদেহ শনাক্ত করেন সিমানের নানা আব্দুস ছালাম।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বলেন, দুপুরে তাঁতিপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
লাইটনিউজ