রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাকিব হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব উপজেলার মেলাপাড়ার বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহত আরমান ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিত্যপদ দাস জানান, আরমান ও সাকিব মোটরসাইকেলে করে সুলতানগঞ্জ মেলাপাড়া হতে গোদাগাড়ী সদরের দিকে যাচ্ছিল। তারা গোদাগাড়ী সরকারি কলেজের কাছাকাছি পৌঁছালে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহীবাস তাদেরকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী সাকিব ঘটনাস্থলেই মারা যায়। আর চালক আরমানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা নিত্যপদ দাস আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। তবে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার বাস রেখে পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
লাইটনিউজ