নরসিংদীর রায়পুরা বাজারে রবিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ৪২টি দোকান ও মালামাল রাখার গুদাম পুড়ে গেছে। রায়পুরা ও নরসিংদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজারের এক পান বিক্রেতা জানান, দুপুরে হঠাৎ আগুন দেখতে পান। মুহুর্তে আগুন ছড়িয়ে পরে আশপাশের মালামাল রাখার গুদাম ও দোকানে। ওই সময় ক্ষতিগ্রস্ত পাঁচটি দোকানসহ গুদামের মালামাল কেউ সরাতে পারেননি।
খবর পেয়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকতা, সহকারি কমিশনার (ভূমি), সহকারি পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) ও পিআইও।
নরসিংদী জেলা ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে কিনা তা জানতে বিদ্যুৎ বিভাগের লোক ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন জানান, রাস্তায় যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে কিছুটা বিলম্ব হয়। আগুনে সব মিলিয়ে ৪২টি দোকান ও মালামালের গুদাম পুড়ে যায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের করা কথা জানান তিনি।