সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে দিরাই ও শাল্লার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনায় ৩৫ জনকে গ্রেফতার করা হলো।
মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শাল্লা থানার ওসি নাজমুল হক।
তিনি জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে আকামত আলীসহ (৬০) দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনের বাড়ি দিরাই উপজেলার নাসনি গ্রামে। গ্রেফতার আরেক জনের নাম পরে জানানো হবে।
এ নিয়ে দুই মামলায় ৩৫ জনকে গ্রেফতার করা হলো। মামলায় বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
এর আগে ১৭ মার্চ সকালে হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে স্টেটাস কেন্দ্র করে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ৮৭টি হিন্দুবাড়িতে হামলা চালানো হয়। এসব বাড়ি থেকে টাকা, স্বর্ণালঙ্কার লুট হয়।
এ ঘটনায় ১৮ রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলাটি করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের করা মামলায় ৮০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে পুলিশের করা মামলায় দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। আসামিদের সবাইকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।
লাইটনিউজ