চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শাশুড়ির সহায়তায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৫ আগস্ট) সকালে ভুক্তভোগী নারী তার শাশুড়ি ও অভিযুক্ত ব্যক্তিকে দায়ী করে একটা মামলা দায়ের করেছেন। পরে এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে ভুক্তভোগীর শাশুড়ি এখনও পলাতক রয়েছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি রহনপুর পৌর এলাকার শেখপাড়া গ্রামের ইনুর ছেলে রবিউল ইসলাম রবু (৪২)।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বিয়ের কিছুদিন পর কাজের জন্য চট্টগ্রামে যান। তিনি শাশুড়ির সঙ্গেই থাকতেন। গৃহবধূর শাশুড়ির (৪০) সঙ্গে অভিযুক্ত রবিউল ইসলামের অনৈতিক সম্পর্ক ছিল। বাড়িতে আসা যাওয়ার কারণে রবিউল ওই গৃহবধূর সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে রবিউলের নজর পড়ে ওই গৃহবধূর ওপর। পরে শাশুড়ির সহায়তায় গত রোজার সময় খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে গৃহবধূকে অচেতন করে রবু। এরপর তাকে টানা কয়েকদিন ধরে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি ভুক্তভোগী জেনে গেলে তার শাশুড়ির কাছে এর বিচার চান। এক পর্যায়ে রবু তার শাশুড়ির সহযোগিতায় গৃহবধূকে বিষয়টি চেপে যাওয়ার জন্য হুমকি দেন। ধর্ষণের বিষয়টি স্বামীকে জানালেও এর প্রতিকার পাননি ভুক্তভোগী। পরে তিনি বাবার বাড়িতে চলে যান। এরপর বাবা-মায়ের সহযোগিতায় থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ রবিউল ইসলাম রবুকে আটক করে নিয়ে যায়।
গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, গৃহবধূকে ধর্ষণের দায়ে একটি মামলা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। তবে ডাক্তারি রিপোর্ট পাওয়ার পর ঘটনাটি আরও পরিষ্কার হবে।