মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বসুন্ধরা কিংস। আজ বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কুমিল্লা ইউনাইটেডকে ৬-০ গোলে উড়িয়ে দেয় সাবিনা-মনিকারা। শামসুন্নাহার জুনিয়র ২টি এবং সাবিনা খাতুন, তহুরা খাতুন, মনিকা চাকমা ও রিতু পর্না একটি করে গোল করেন।
ম্যাচের প্রথমার্ধে ভালোই লড়াই করেছিল কুমিল্লার মেয়েরা। পঞ্চদশ মিনিটে সাবিনার গোলে এগিয়ে যায় কিংস। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর কিংস কন্যারা গোলের বন্যা বইয়ে দেয়। ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা শামসুন্নাহার যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করেন। মাঝের সময়টুকুতে কুমিল্লার জালে গোল উৎসবে মাতেন মাঝের সময় মনিকা, তহুরা ও রিতু।
১২ ম্যাচের সবগুলো জিতে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। জামালপুর কাচারিপাড়া একাদশকে ১১-০ গোল উড়িয়ে দেওয়া আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ৩০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। পরের দুই ম্যাচে কিংস হারলে এবং আতাউর রহমান ভূঁইয়া জিতলেও তারা সাবিনাদের পেছনে ফেলতে পারবে না। তাই কিংস কন্যাদের শিরোপা উৎসব সময়ের ব্যাপার মাত্র।