রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সবাই জানুক সত্যটা কী, তাপস গ্রেফতারে ঐশী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের গ্রেফতারের খবরে সরগরম সামাজিক মাধ্যম।নেটিজেনদের অধিকাংশই উচ্ছ্বসিত। বিষয়টি মানতে পারছেন না সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ব্যক্ত করলেন নিজের প্রতিক্রিয়া।

আজ সোমবার নিজের ফেসবুকে ঐশী নিজের মতো করে লিখেছেন, ‘ছোট জীবনে কত কিছু দেখলাম। অন্যায় করে দিনের পর দিন রাজার হালে পার করতে দেখলাম আবার নিরপরাধে কারাগারে যেতেও দেখলাম। আমি তাপস ভাইয়াকে চিনি ঠিক দশ বছর। এই দশ বছরে আমি তাকে শুধু গান নিয়ে বড় বড় স্বপ্ন দেখতে দেখেছি।’

এরপর লেখেন, ‘নিজে একা না দেখে মিউজিক ইন্ডাস্ট্রিকে স্বপ্ন দেখতে শিখিয়েছেনও। সম্পূর্ণ নিজ উদ্যোগে সংগীতাঙ্গন বদলানোর ইচ্ছা পোষণ করার মতো পাগলামি কেউ করে? এটাই ওনার ভুল ছিল। উনি তো রাজনৈতিক কেউ ছিলেন না।’

এরপর গায়িকা লিখেছেন, ‘ভাই, আপনারা সুযোগ পাইলে তালি দিয়ে না, নাইচা নাইচা গান শুনাইতেন। হাহা! সাংস্কৃতিক লোককে রাজনৈতিক বানায় দিলেন প্রতিহিংসার জেরে। মিউজিক নিয়ে এত অ্যাগ্রেসিভ কাউকে আমি দেখিনি। বরং মিউজিকের নামে আকাম কুকাম করতে
অনেককেই দেখলাম। সেই আকাম করা মানুষগুলাকে আবার বড় গলায় কথাও বলতে দেখি।’

এরপর লেখেন, ‘সত্যকে জেতাতে চাইলে সঠিক তথ্য বের করে উপস্থাপন করেন মানুষের সামনে, যদি সাহস থাকে। সব রহস্য উন্মোচন করে দেন। সবাই জানুক সত্যটা কী! ভিত্তিহীন মজা তো বহুত নিলেন। আল্লাহর ওয়াস্তে এবার সত্যকে জেতার সুযোগ করে দেন! নাহলে বৈষম্যই তো হইলো। লাভটা কী হইলো তাহলে?’

তবে ঐশীর সঙ্গে একমত পোষণ করেননি নেটিজেনদের অধিকাংশ। মন্তব্যের ঘরে তুলে ধরেছেন তাপসের অপকর্মের ফিরিস্তি। সেসবের জবাবেও তাপসের পক্ষ নিয়েছেন গায়িকা।

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় গতকাল রোববার মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আগামী বুধবার তার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD