রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সরকার উৎখাতের ষড়যন্ত্রে নেমেছে একটি গোষ্ঠী: প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেললাইন কেটে ট্রেনের বগি ফেলে দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রে নেমেছে একটি গোষ্ঠী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে বীভৎস ঘটনা ঘটানো হচ্ছে দেশে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নতুন কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি প্রায় প্রতিদিন অবরোধ-হরতাল ডেকে যাচ্ছে উল্লেখ্য করে সরকার প্রধান বলেন, হরতাল-অবরোধ মানে কি কয়েকখান বাস পোড়ানো, গাড়ি পোড়ানো, যাত্রীসহ বাস পোড়ানো?

শেখ হাসিনা বলেন, চাল যাচ্ছে, চালের গাড়ি পুড়িয়ে দিচ্ছে, ধান যাচ্ছে ধানের গাড়ি পোড়াচ্ছে। মানে মানুষকে ক্ষুধার্ত মারা। এই ঘটনা এর আগেও তারা করেছে ২০১৩ সালে। আমি জানি না তাদের কোনোমতে কেউ থামাতে পারবে কি না। এই মানুষ হত্যা করে সরকার উৎখাত তো করতে পারবে না।

মানুষ পুড়িয়ে মারার মধ্য দিয়ে কী আন্দোলন হয় প্রশ্ন করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরাও আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আর মানুষের অর্থনৈতিক উন্নতি যেন হয়, সেটা চিন্তা করে। কিন্তু আমি এ রকম আন্দোলন দেখিনি।

বিএনপি-জামায়াতের আন্দোলনের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, যারা মানুষ মারার জন্য রেললাইন উপড়ে ফেলে বা রেললাইন কেটে দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে মানুষ মারার পরিকল্পনা করে তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিচ্ছু নেই। এদের বিরুদ্ধে জনগণকেই দাঁড়াতে হবে। এটাই আমার আহ্বান সারা দেশের মানুষের প্রতি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD