মানুষ মাত্রই ভুল। যেকোন সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। শুধু পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে না অফিসে সহকর্মীদের সাথেও মনোমালিন্য হতে পারে। অনেক সময় কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি হলে তা কাজের ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। এজন্য কোন সমস্যা হলেও দ্রুত সমাধান করে ফেলতে হবে। সহকর্মীর সঙ্গে সম্পর্ক কীভাবে স্বাভাবিক রাখা যায় চলুন জেনে নেওয়া যাক।
আন্তরিকতার সঙ্গে:
আপনি যদি বুঝতে পারেন যে আপনার ভুল হয়েছে সেক্ষেত্রে যখনই সহকর্মীর কাছে ক্ষমা চাওয়া হবে, মন থেকে ক্ষমা চাইতে হবে। তিনি যেন বুঝতে পারেন, ভুল করে আপনি সত্যিই লজ্জিত। এতে করে যত বড় ভুলই হোক না কেন সমস্যা সামাধান হয়ে যাবে।
দায় স্বীকার:
ভুল নিজেদের দিক থেকে হয়ে থাকলে অবশ্যই তার দায় স্বীকার করতে হবে। আসলে নিজের ভুল নিজেকেই শুধরে নিতে হবে। আর কেউ যদি নিজে ভুল করে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, তা হলে তার সহকর্মীর সঙ্গে সম্পর্ক আরও খারাপ হতে পারে। নিজের ভুল স্বীকার করার মত সৎ সাহস থাকতে হবে।
অন্যের অনুভূতি বোঝা:
কোনও ভুল করে থাকলে সহকর্মীর উপর তার কেমন প্রভাব পড়েছে, সেটাও আমাদেরই বুঝতে হবে। ক্ষমা চাইলেও তাদের জায়গায় থেকে তাদের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করতে হবে। তাই সহকর্মীর সঙ্গে কথা বলে তার কাছে আন্তরিকতার সঙ্গে ক্ষমা চাইতে হবে। সম্পর্কের উন্নতির জন্য এটা অত্যন্ত জরুরি।
এড়িয়ে না যাওয়া:
ধরা যাক, কেউ ভুল করেছেন এবং তাতে তার সহকর্মীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই নিজের ভুল স্বীকার করার বিষয়টা এড়িয়ে যান। এতে সম্পর্কের উন্নতি তো হয়ই না, বরং আস্তে আস্তে আরো অবনতি হয়। তাই কেউ ভুল করলে কোনও না কোনও দিন তাকে নিজের ভুলটা স্বীকার করতেই হয়। একটা ‘সরি’-তেই যেখানে সম্পর্ক ঠিকঠাক হয়ে যায়, সেখানে পরিস্থিতি না এড়িয়ে চলাই ভাল।
সমাধান:
শুধু সরি বলে দিলেই সব শেষ হয়ে গেলো এমন না। যার সঙ্গে সমস্যা হয়েছে, সম্পর্কের উন্নতির জন্য অনুমতি নিয়েই তার সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে। আর ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি তৈরি না-হয়, সে দিকে নজর রাখতে দুজন খোলাখুলিভাবে কথা বলতে পারেন।