রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

সাবেক স্বামীর পরিকল্পনায় কর কর্মকর্তা মাসুমাকে অপহরণ: র‍্যাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার মাসুমা খাতুন অপহরণের মূল পরিকল্পনাকারী তার সাবেক স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হারুন-অর রশিদ বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

এর আগে. শুক্রবার (২৫ আগস্ট) রাতে গাজীপুরের শ্রীপুর ও রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে র‍্যাব।

খন্দকার আল মঈন বলেন, সাবেক স্ত্রী মাসুমা খাতুনের ওপর প্রচণ্ড রাগ-ক্ষোভ ছিল হারুন-অর রশিদের । এজন্য তিনি মাসুমাকে অপহরণের পরিকল্পনা করেন। তাকে এ কাজে সহায়তা করে মাসুমার সাবেক গাড়িচালক মাসুদ। মাসুদের নেতৃত্বে অপহরণ মিশনে অংশ নেয় মোট সাতজন।

তিনি আরও জানান, পরিকল্পনা অনুযায়ী হারুন ৫০ হাজার টাকায় হাতিরঝিল এলাকায় একটি বাসা নেন। তবে অহপরণের পর মাসুমাকে ওই বাসায় নেওয়া সম্ভব হয় না। এর বদলে তাকে নেওয়া হয় নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার একটি গ্যারেজে। সেখানে গাড়িতেই মাসুমাকে ব্যাপক মারধর করা হয়। পরদিন তাকে নেওয়া হয় মাদারটেক এলাকায়। সেখানে তার চিৎকারে এলাকাবাসীর হাতে আটক হন তিনজন। পালিয়ে যান মাসুদসহ চারজন।

প্রসঙ্গত, রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে গত ১৭ আগস্ট রাত ৮টার সময় মাইক্রোবাসে করে মগবাজার থেকে সিদ্ধেশ্বরীর বাসায় ফিরছিলেন এনবিআরের যুগ্ম কমিশনার পদমর্যাদার কর কর্মকর্তা মাসুমা খাতুন (৪৯)। কয়েকজন ব্যক্তি মাইক্রোবাস থামিয়ে ওই কর্মকর্তার চালককে মারধর শুরু করেন। এরপর চালককে নামিয়ে মাইক্রোবাসসহ ওই নারীকে অপহরণ করেন তারা। পরদিন বেলা ২টার দিকে ওই নারী কৌশলে গাড়ি থেকে নেমে চিৎকার শুরু করলে স্থানীয়রা ঢাকার সবুজবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করে ও তিন অপহরণকারীকে আটক করেন।

যখন ওই নারী কর্মকর্তাকে উদ্ধার করা হয়, তখন তার একটি পা ভাঙা, চোখে ও মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। তিনি গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

ওই ঘটনায় ঢাকার রমনা থানায় চারজনের নাম উল্লেখ করে অপহরণ মামলা করেন তিনি। মামলার প্রধান আসামি করা হয়েছে মো. মাসুদ নামের এক ব্যক্তিকে, যিনি জুলাই মাসে ওই নারীর ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। চলতি মাসের ১ তারিখে তাকে চাকরিচ্যুত করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD