শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সালিশে মুক্তিযোদ্ধাকে হত্যা: ২ আসামি গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গ্রাম্য সালিশে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানকে (৬৫) পিটিয়ে ও গলাটিপে হত্যার মামলার দুই আসামি লিটন (৪০) ও উজ্জ্বলকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি হারুনুর রশিদ বলেন, মামলায় আসামি ১১ জন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে লতিফ খানের সঙ্গে প্রতিবেশী আবু খান, তার ছেলে পাভেল ও পারভেজের পুকুরের মাছ নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টির মিমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সালিশের আয়োজন করা হয়। সালিশে কথা কাটাকাটির জেরে আবু খান, পাভেল ও পারভেজসহ কয়েকজন লতিফ খানকে পিটিয়ে ও গলাটিপে আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আজ শনিবার দুপুরে নিহত লতিফ খানের ছেলে হাবিব খান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে বাসাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

হাবলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান খান বলেন, দুই পক্ষকে নিয়ে সালিশে বসা হয়। এক পর্যায়ে দুইপক্ষই ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়। পরে লতিফ খানের মৃত্যু হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD