সিলেট গ্যাস ফিল্ডের ১০ নম্বর কূপে তেলের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ওই কূপে তিনটি গ্যাস স্তরের পাশাপাশি তেলের অবস্থান নিশ্চিত হয়েছি আমরা। ১৪০০ মিটার গভীরে তেলের অবস্থান চিহ্নিত করা হয়েছে। দিনে ৫০০ থেকে ৬০০ ব্যারেল তেল পাওয়ার আশা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে পুরোপুরি নিশ্চিত হতে আরও ৪ থেকে ৫ মাস সময় লাগবে। গ্যাস স্তরগুলোর অবস্থান হচ্ছে ২৪৬০ থেকে ২৪৭৫ মিটার, ২৫৪০ থেকে ২৫৭৬ মিটার ও ৩৩০০ মিটার নিচে। গ্যাসের মজুদ হতে পারে ৪৩.৬ থেকে ১০৬ বিলিয়ন ঘনফুট ও যার গড় মূল্য ৮৫০০ কোটি টাকা।
গ্যাস উন্নয়ন তহবিল ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হতে যাচ্ছে সিলেট ১০ নম্বর কূপের খনন কাজ। এ জন্য গ্যাসফিল্ড কোম্পানির সঙ্গে সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন, চায়নার সঙ্গে গত বছরের ১১ সেপ্টেম্বর চুক্তি স্বাক্ষর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আমিন, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।