সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

সীমা অক্সিজেন প্ল্যান্টের এমডি গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় কারখানাটির পরিচালক পারভেজ উদ্দিন ওরফে সান্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরীর জিইসি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাহাবুবর রহমান। তিনি বলেন, সীমা অক্সিজেনে বিস্ফোরণের ঘটনায় ওই কারখানার একজন পরিচালককে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের পর বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমরা পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবো।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর ইন্সপেক্টর মোহাম্মদ শামশুদ্দীন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পারভেজ উদ্দিন ওরফে সান্টুকে আনা হয়েছে। বিস্ফোরণ ঘটনায় করা মামলায় তিনি দুই নম্বর আসামি।

শিল্প পুলিশ চট্টগ্রামের একজন সহকারী পুলিশ সুপার নাম প্রকাশ না করার শর্তে বলেন, চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকা থেকে সীমা অক্সিজেন কারখানার পরিচালক পারভেজ উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়ে অন্য আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

গত ৪ মার্চ সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত ও অর্ধশত জন আহত হয়। বিস্ফোরণে নিহত এক শ্রমিকের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন। এ মামলায় অক্সিজেন প্ল্যান্টের তিন মালিকসহ ১৬ জনকে আসামি করা হয়।

এদিকে, সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের বিস্ফোরণে কর্তৃপক্ষের অনিয়ম পেয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। এছাড়া দুর্ঘটনা এড়াতে নয়টি সুপারিশসহ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD