বিসিবি নর্থ জোনের বিপক্ষে ইন্ডিপেন্ডেন্স কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ওয়ালটন সেন্ট্রাল জোন। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দুই দল লড়াইয়ে নামে। এই ম্যাচে টস হেরে ব্যাটিং করছে ওয়ালটন সেন্ট্রাল।
ওয়ালটন সেন্ট্রাল জোন: ৫০/১ (১১ ওভার)
২১ রানে প্রথম উইকেট হারিয়ে শুরুতে ধাক্কা খেয়েছিল ওয়ালটন সেন্ট্রাল। তবে সেটি বুঝতেই দেননি সৌম্য সরকার। আবদুল মজিদকে সঙ্গে নিয়ে দারুণ শুরু এনে দেন দলকে। ৩১ বলে ৩ চারে ২৩ রান নিয়ে অপরাজিত আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার সঙ্গে ১৪ রান নিয়ে অপরাজিত আবদুল মজিদ। দুজনের জুটি থেকে আসে ২৯ রান। ওয়ালটন ১১ ওভারে ৫০ রান করে।
শুরুতেই বোল্ড মিজান
শামীম হোসেন পাটোয়ারির বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন ওয়ালটন সেন্ট্রাল জোনের ওপেনার মিজানুর রহমান। দুটি দারুণ চারে তিনি ভালো ইনিংসের আভাসা দিয়েছিলেন। শেষ পর্যন্ত ফেরেন ১৪ বলে ১০ রান করে। ২১ রানে প্রথম উইকেট হারায় ওয়ালটন।
ওয়ালটনের একাদশে নেই মিঠুন-মুরাদ
ওয়ালটন সেন্ট্রাল জোনের একাদশে নেই ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও স্পিনার হাসান মুরাদ। পেটের সমস্যায় ভোগায় একাদশে নেই মিঠুন, আর মুরাদকে টানা খেলার ধকল থেকে মুক্তি দিতে বিশ্রামে রেখেছে টিম ম্যানেজম্যান্ট।
একাদশ: আবদুল মজিদ, মিজানুর রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইবুর রহমান, আল আমিন, জাকের আলী অনিক, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী, ও নাজমুল ইসলাম অপু।
ধারাবাহিকতা ধরে রাখতে চায় ওয়ালটন
ইসলামী ব্যাংক ইস্ট জোনকে ২২ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে ওয়ালটন সেন্ট্রাল। বিসিবি নর্থ জোনকে হারিয়ে টুর্নামেন্টে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় দলটি। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত তেমনটিই জানিয়েছেন।
‘চার দিনের ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা এই টুর্নামেন্টেও জয় দিয়ে শুরু করেছি। ফাইনালের আগে বাকি দুই ম্যাচে আমাদের লক্ষ্য জয়ের ধারাবাহিকতা ধরে রাখা। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’
মুখোমুখি সাকিব-মাহমুদউল্লাহ
ইন্ডিপেন্ডেন্স কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন দেশের ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে লড়বেন আর মাহমুদউল্লাহ বিসিবি নর্থ জোনের হয়ে। সাকিব প্রথম ম্যাচ থেকেই খেলছেন ওয়ালটনের হয়ে। তবে মাহমুদউল্লাহ প্রথম ম্যাচে খেলেননি। সাকিব-মাহমুদউল্লাহর মুখোমুখি লড়াই হবে রোমাঞ্চকর।