শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

স্মৃতিবিজড়িত কিংসমিডে ‘পুরোনো শত্রুদের’ পেয়ে রোমাঞ্চিত শান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

ডারবানের কিংসমিড স্টেডিয়ামে পা ফেলে অন্যরকম ভালো লাগা কাজ করছে নাজমুল হোসেন শান্তর। এই মাঠেই যে ২০১৫ সালে যুব দলের হয়ে দক্ষিণ আফ্রিকা যুব দলের বিপক্ষে টানা দুটি ম্যাচ জিতেছিলেন তিনি। তা কি সহজে ভুলা যায়?

প্রোটিয়া সেই যুব দলের তিন সদস্য জায়গা করে নিয়েছেন টেস্ট দলে। শুধু তাই নয়, স্মৃতিবজড়িত এই কিংসেমিডে পুরোনো শত্রুদের পেয়ে তাদের বিপক্ষে নামার জন্য যেন তর সইছে না শান্তর। কাজ করছে রোমাঞ্চ।

৩১ মার্চ কিংসমিডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নামবে বাংলাদেশ। এই মাঠেই এখন অনুশীলন করছে টাইগাররা। সোমবার (২৮ মার্চ) অনুশীলন শেষে কিংসমিড নিয়ে স্মৃতিকাতর শান্ত।

‘খুব ভালো লাগছে। প্রায় ৭ বছর আগে এসেছিলাম এখানে। তখনো খুব ভালো স্মৃতি ছিল। কারণ এখানে যে কয়টা ম্যাচ খেলেছি অনুর্ধ ১৯ দলের হয়ে সবগুলো জিতেছি।’

সঙ্গে আছে পুরোনো শত্রুদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ। দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে জায়গা করে নিয়েছেন সেই যুবদলের কাইল ভেরিয়েন্নে, লুথো সিপামলা ও ভিয়ান মাডলার।

পুরোনো শত্রুদের নিয়ে শান্ত বলেন, ‘সব থেকে বড় কথা যে এই টিমে যারা ছিল, মুডলার ছিল, সিপামলা ছিল ওদের সঙ্গে ম্যাচ খেলার আবার একটা সুযোগ। ওদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি, অনেক দিন পর দেখা হবে। আশা করছি আমাদের এই ম্যাচগুলো ভালো যাবে এবং ভালো সময় কাটাব ইনশাআল্লাহ।’

৭ বছর আগে ৭ ম্যাচের এই সিরিজে বাংলাদেশ জয় পায় ৫-২ ব্যবধানে। ডারবানে হওয়া প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জেতে ৮ উইকেট ও ২৯ রানে।

পুরো সিরিজে ব্যাট হাতে শান্ত আলো ছড়াতে না পারলেও খারাপ করেননি খুব একটা। ৭ ম্যাচে ৩৫.২৫ গড়ে তিনি ১৪১ রান করেন। সর্বোচ্চ অপরাজিত ৬৯ রান। হাফ সেঞ্চুরিও এই ১টিই।

কিংসমিড কিংবা মাডলার-সিপামলাদের নিয়ে কী কোনো মজার ঘটনা মনে নেই শান্তর? এই প্রশ্নে একবারে খালি হাতে ফিরিয়ে দেননি তিনি।

তার উত্তর, ‘ভালো স্মৃতি বলতে ওদের টিমে বেশ কয়েকটা রাগবি খেলোয়ড় ছিল, তারা ব্যাটিংয়ে নামলে আমরা বুঝতাম না তারা ক্রিকেট খেলতে নামছে নাকি রাগবি খেলতে নামছে। মজার মুহুর্ত অনেক ছিল। কিন্তু দিন শেষে যেটা ছিল আমাদের দলের পরিবেশ অনেক ভালো ছিল, ভালো ক্রিকেট খেলছি, আমরা উপভোগ করেছি। অনেক কিছু শিখতেও পেরেছি, অনেক ভালো সময় কেটেছে।’

৭ বছর আগের সেই শান্ত এখন অনেক পরিণত। কিংসমিডের সেই অভিজ্ঞতা কি এবার কাজে লাগাতে পারবেন? ব্যাট হাতে এই শান্তর জ্বলে ওঠা যে বড্ড প্রয়োজন বাংলাদেশের!

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD