রিকসা চালিয়ে সংসার চালাতেন। অভাবের তাড়নায় সেই রিকসা বিক্রি করে দিয়ে ঢাকায় ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেন। কিন্তু তাও হলো না, একবারে রাতারাতি কবিরাজ হয়ে গেলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আশ্রমপাড়া গ্রামের মুর্শেদ আলী।
প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা না পেলেও সবার কাছে আধ্যাত্মিক করিবাজ হিসেবে পরিচিতি পেয়েছেন মুর্শেদ আলী। তার কাছে রয়েছে সকল রোগের সমাধান, এমন বিশ্বাসে হাজারো নারী পুরুষ চিকিৎসা নিতে প্রতিদিন ভিড় করছেন মুর্শেদ আলীর বাড়িতে। গত দু’মাস ধরে কবিরাজি শুরু করলেও গত ২ সপ্তাহ ধরে তার কবিরাজির বিষয়টি হালুয়াঘাট সহ আশেপাশের বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পড়ে।
কবিরাজের মুরিদদের বিশ্বাস, প্রতিদিন রাত ১০ টার পরে তার শরীরে জিন আছর করে। এরপর মাটিতে ৩ বার থাপ্পর দিয়েই তার আসরের সামনের চেয়ারে বসা বিশেষ এক রোগীকে শুরু করেন ঝাঁড় ফুক। মাথা ব্যথা, কোমড় ব্যাথা, শারীরিক প্রতিবন্ধী, প্যারালাইজড এর মতো বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হাজারো রোগী আসরের চারদিকে বসেন, সরিষা তেলের বোতল নিয়ে। চেয়ারে বসা বিশেষ ঐ রোগীকে ঝাঁড় ফুক দিলেই নাকি তার প্রভাব চিকিৎসা নিতে আসা সবার উপর পড়ে। তবে শুধু একদিন আসলেই হবে না। টানা ৩ দিন এসে ঝাঁড় ফুক নিলেই হবে মুশকিল আসান। এই বিশ্বাসে প্রতিদিন তার বাড়ির আঙ্গিনায় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত লেগে থাকে হাজারো রোগীর ভিড়।
তার কাছে চিকিৎসা নিতে আসা উপজেলার মহাজনীকান্দা গ্রামের হাকিম আলী বলেন, আমার বৃদ্ধ বাবা প্যারালাইজড রোগী। গত দু’দিন ধরে এখানে নিয়ে আসছি। তবে এখনো কোন উন্নতি নেই। ফুলপুর উপজেলার ভাইটকান্দি গ্রামের মহর উদ্দিন বলেন, মাথার ব্যথা নিয়ে বেশ কিছুদিন ধরে খুবই যন্ত্রণায় আছি। আত্মীয়ের মাধ্যমে খবর পেয়ে এখানে চিকিৎসা নিচ্ছি। কবিরাজকে দেখানোর পর তিনি মাথা মালিশ করে দিলে সামান্য ভালো লাগে। একটু পর আবার আগের অবস্থায়।
স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, তেল, তাবিজ ও পানি পড়া দিয়ে এসব জটিল রোগ ভালো হওয়া মুর্খতা ছাড়া আর কিছুই নয়। মানুষের বিশ্বাস পুঁজি করেই চলছে তার কবিরাজি।
এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. মুনির আহমেদ বলেন, জ্ঞান ও বিজ্ঞানের ভাষায় এর কোন ভিত্তি নেই। মানুষের বিশ্বাসকে পুঁজি করে দেশের নানা জায়গায় এমন অনেকেই কবিরাজ হিসেবে নিজেকে জাহির করেন। এ ক্ষেত্রে ভয় ও আতঙ্কের বিষয়, যদি কোন জটিল রোগী ডাক্তারের কাছ থেকে সঠিক চিকিৎসা না নিয়ে এসব কবিরাজের কাছে এসে সময় নষ্ট করে তাহলে তাহলে তার মৃত্যুর ঝুঁকি থাকতে পারে। আমার পরামর্শ থাকবে বর্তমান আধুনিক যুগে এসবে বিশ্বাস না করে সঠিক চিকিৎসা নিন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ সংক্রান্ত বিষয়ে একটি ছবি পেয়েছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।