বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

হিন্দিতেও ‘দরদ’ মুক্তি দিতে চান অনন্য মামুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

আসছে অনন্য মামুন পরিচালিত ও মেগাস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। ছবিটির একের পর এক চমক প্রকাশের পর বেশ আগ্রহ তৈরি হয়েছে দর্শকমনে। বাংলাদেশ ছাড়াও ভারতীয় দর্শকের আগ্রহের কেন্দ্রেও রয়েছে ছবিটি।

ইতোমধ্যে ‘দরদ’ মুক্তির তারিখ জানিয়ে দিয়েছেন পরিচালক অনন্য মামুন। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। সেখানে এই মেগাস্টারের দুলু মিয়ার চরিত্রে আবর্তন দুই দেশের দর্শকদের ভাবিয়েছে। সেই দুলু মিয়ার রহস্য জানতে আর মাত্র মাসখানেকের অপেক্ষা। আগামী ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

ছবিটি মূলত বাংলা ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে হিন্দি ভাষায়ও ছবিটি মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করলেন পরিচালক অনন্য মামুন। সামাজিক মাধ্যমে অনন্য মামুন জানালেন, হিন্দি ও বাংলা দুই ভাষাতেই ‘দরদ’ মুক্তি দিতে চান তিনি। তবে এ নিয়ে জানতে চেয়েছেন অনুরাগীদের অভিমত।

যদিও অনন্য মামুনের এমন আকাঙ্ক্ষা অনুরাগীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অবশ্য অধিকাংশই হিন্দিতে ডাব করার পক্ষে মত দিয়েছেন। অনন্য মামুন এক ফেসবুক পোস্টে লেখেন, ‘দরদ বাংলা হিন্দি দুই ভাষাতে বাংলাদেশে রিলিজ করতে চাই..আপনাদের মতামত কি?’- উত্তরে মন্তব্য ঘরে অনেকের মন্তব্য ছিল, ‘একমত’। একজন লিখেছেন, ‘যদি হল মালিকরা চায় তাহলে দিতে পারেন, তবে গ্রামের হল গুলোতে বাংলা ভাষাতে ভালো হবে।’ আরেক নেটিজেন লিখেছেন, দারুণ, তবে ডাবিং ভালো করার নিশ্চয়তা দিলে ঠিক আছে।

‘দরদ’ ছবি মুক্তির আগেই দেখা যাচ্ছে একের পর এক চমক। প্রথমে ছবিটির পোস্টার, এরপর টিজার। ছবিটির অফিসিয়াল আইটেম সং-এর ঝলকও প্রকাশ্যে। সাইকো থ্রিলার গল্পের এই সিনেমায় রোমান্সে জমে উঠবে শাকিব-সোনালের রসায়ন; পর্দায় দুলু ও তার স্ত্রী। ছবির ট্রেলার, গানের ঝলক দেখে এমনটিই অনুমান নেটিজেনদের। তাদের ধারণা, ‘দরদ’ অন্যতম একটি ব্লকবাস্টার ছবি হতে যাচ্ছে শাকিবের হাত ধরে।

‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। ভারতের সোনাল চৌহান ছাড়াও অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল সরকার। এছাড়াও আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD