ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ বছর পর একটি নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।
এরআগে বুধবার (৭ জুলাই) বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অ্যাম্বুলেন্সের চালক মো. হারুন অর রশিদের হাতে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন।
জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ থেকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে অ্যাম্বুলেন্সটি পাঠানো হয়। ১৭ বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ একটি অ্যাম্বুলেন্স দিয়েই রোগীদের সেবা দেয়া হচ্ছিলো। স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক এবং পরীক্ষার যন্ত্রাংশ না থাকায় বেশির ভাগ রোগীকেই নিতে হয় ঢাকার বিভিন্ন হাসপাতালে। রোগীদের এই জরাজীর্ণ গাড়িটি দিয়েই অন্য হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হতো। বেশিরভাগ সময় এই অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে থাকতো। রোগীদের অন্য গাড়ি ভাড়া করে যেতে হতো ঢাকায়। নতুন অ্যাম্বুলেন্স পাওয়াতে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ উপজেলার অনেকের মুখেই হাসি ফুটেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক মো. হারুন অর রশিদ জানান, আগের অ্যাম্বুলেন্সটি অনেক পুরনো এবং খুবই জরাজীর্ণ ছিলো। অনেক কাজ আছে গাড়িটিতে। পুরাতন ভাঙা অ্যাম্বুলেন্সটি দিয়েই এতদিন রোগী আনা নেওয়া করেছি। এখন নতুন অ্যাম্বুলেন্স পেয়ে আমারো ভালো লাগছে। নতুন অ্যাম্বুলেন্সটির বাম্পার, লাইটসহ টুকটাক কাজ করাতে হবে। এই কাজগুলো শেষ হলেই নতুন অ্যাম্বুলেন্স দিয়েই রোগী আনা নেওয়া করা হবে।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বলেন, আমি গতকালই জানতে পারি যে ধামরাইয়ের জন্য একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ হয়েছে। দেশের এই লকডাউনের মূহুর্তে করোনাসহ অন্যান্য মুমূর্ষ রোগীদের হাসপাতালে আনা নেওয়ার জন্য একটি নতুন অ্যাম্বুলেন্সের খুবই প্রয়োজন ছিলো। অ্যাম্বুলেন্সটির জন্য সুপারিশ করেছেন যারা তাদের সবার আন্তরিকতার কারণেই খুব দ্রুত এই অ্যাম্বুলেন্সটি আমরা পেয়েছি।