সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচদিন অনশনের পর স্ত্রীর স্বীকৃতি পেলেন এক তরুণী। অবশেষে পছন্দের মানুষটির সঙ্গে তার বিয়ে হয়েছে। উপজেলার বাঙ্গালা ইউনিয়নের দক্ষিণ গাইলজানি গ্রামে বৃহস্পতিবার (২৭ মে) রাতে ১০ লাখ টাকা কাবিননামায় তাদের বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ গাইলজানি গ্রামের আব্দুল খালেকের ছেলে কলেজছাত্র মো. রানার (২০) সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক একই গ্রামের আব্দুল কাদেরের কলেজপড়ুয়া মেয়ে ময়না খাতুনের। তারা দুজনই স্থানীয় ঘোনা কুচিয়ামারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী। কলেজে পড়াকালীন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সে সূত্র ধরে গত রোববার (২৩ মে) রানা তার প্রেমিকার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান।
বিষয়টি মেয়ের বাড়ির লোকজন টের পেয়ে রানাকে আটকের চেষ্টা করেন। পরে রানা কৌশলে পালিয়ে যায়। ওইদিন রাতেই বিয়ের দাবিতে প্রেমিক রানার বাড়িতে অনশন শুরু করেন ওই ছাত্রী। এ খবর শুনে প্রেমিক রানা ও বাড়ির লোকজন পালিয়ে যান। পাঁচদিন ধরে বিয়ের দাবিতে অনশন করা ওই ছাত্রীকে দেখতে প্রতিদিনই বাড়িতে শয়ে শয়ে মানুষ ভিড় করেন। অনেকেই নিজের বাড়ি থেকে খাবার নিয়ে এসে তরুণীকে খেতে দেন। একই সঙ্গে, রানার সঙ্গে বিয়ে না হলে আত্মহত্যার হুমকিও দেন ওই ছাত্রী।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (২৮ মে) দুপুরে বাঙ্গালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা জানান, বেশ কয়েকদিন ধরে মেয়েটি বিয়ের দাবিতে অনশন করছিলেন। বিষয়টি সমাধানের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছেলের বাড়িতে গিয়ে মেয়ে ও ছেলের পরিবারের সঙ্গে কথা হয়। পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিক্রমে ১০ লাখ টাকা কাবিননামায় তাদের বিয়ে সম্পন্ন করা হয়।