চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় বাসভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়া হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) রাতে বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে। পরে ওই বাসের চালককে আটক করেছে পুলিশ।
হানিফ ওয়াসার মোড় থেকে লালখান বাজার পাঁচ টাকা ভাড়া দেন কিন্তু হেলপার ৮ টাকার জন্য চাপ দিতে থাকেন।এ নিয়ে হেলপারের সঙ্গে হানিফের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তাকে বাস থেকে নিচে ফেলা দেওয়া হয়। চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট থেকে সিবিচগামী ১০নম্বর (চট্টমেট্রোজ-১১-১৮৭২) বাসের যাত্রী ছিলেন হানিফ।
ভাড়া নিয়ে বিতর্কের জেরে হানিফকে লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দেন বাসের চালক ও হেলপার।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ঘটনায় জড়িত বাসের হেলপার পালিয়ে গেছে। আহত যাত্রী হানিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বাসের অন্যান্য যাত্রী ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চালককে আটক করা হয়েছে।