৯৯৯-এ ফোন পেয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ আজ্ঞাত শিশুকে (২) উদ্ধার করে মঙ্গলবার সন্ধ্যার পর। হাজীগঞ্জ বড় মসজিদের সামনে থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা জসিম উদ্দিনের কাছে রাখে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার শিশুটির পরিচয় নিশ্চিত হয়ে তার বাবা রাজমিস্ত্রি আজাদ হোসেনের কাছে শিশুটিকে বুঝিয়ে দেন।
শিশুটির বাড়ি হাজীগঞ্জের সীমান্তবর্তী গ্রাম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার জয়পুরা গ্রামের পুরানবাড়ি। তবে শিশুটি শাহরাস্তি উপজেলার পাথৈ গ্রামে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত। আয়েশা সিদ্দিকা নামের ওই শিশুটিকে রেখে যান তার মা জান্নাতুল ফেরদৌস মিতু। শিশুটিকে উদ্ধারের বিষয়ে মঙ্গলবার রাতে কালের কণ্ঠে সংবাদ প্রকাশিত হয়।
উপজেলা ই-সেন্টারে শিশুটিকে বাবার কাছে হস্তান্তরকালে আরো উপস্থিত ছিলেন দাদা, নানি ও শিশুটির দাদা ও নানার এলাকার ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও শিল্পী বেগম।
শিশুটির বাবা আজাদ হোসেন জানান, চার বছর আগে তার সঙ্গে মোবাইলে প্রেম হয় মিতুর। এক বছর প্রেমের পর বিয়ে হয় তাদের। বিয়ের এক বছর পর তাদের সংসারে জন্ম নেয় আয়েশা। কী কারণে আয়শাকে মসজিদের সামনে রেখে যায় তার মা তা জানা নেই। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন তিনি।
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক প্রভাকর বড়ুয়া জানান, শিশুকে তার পরিবারের কাছে তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, সমাজসেবা কর্মকর্তাসহ আমরা শিশুটিকে চট্টগ্রামের ছোটমণি নিবাসে পাঠানোর সব প্রস্তুতি নেওয়ার পর তার পরিবারের সন্ধান পাই। পরে হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদের তদন্ত শেষে শিশুর পরিবারের পরিচয় নিশ্চিত হলে শিশুটির বাবার কাছে শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়।