বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। এবার চ্যালেঞ্জ ওয়ানডে সংস্করণে তথা ইন্ডিপেন্ডেন্স কাপে। এই টুর্নামেন্টের পর্দা উঠতে যাচ্ছে রোববার (৯ জানুয়ারি)।
প্রথম দিনেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে লড়বে ওয়ালটন সেন্ট্রাল জোন। চারদিনের আসরে চ্যাম্পিয়ন হওয়াতে এই টুর্নামেন্টে ওয়ালটন এগিয়ে থাকবে বলে মনে করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। এ ছাড়া সাকিব আল হাসান খেলাতে দলটি আরও ভারসাম্যপূর্ণ হয়েছে বলে জানান তিনি।
ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে ম্যাচের আগে শনিবার (৮ জানুয়ারি) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘাম ঝরায় ওয়ালটন সেন্ট্রাল জোন। এই মাঠেই সকাল ৯টায় অনুষ্ঠিত হবে খেলা। অনুশীলন শেষে মোসাদ্দেক জানান, চারটি টিমই কঠিন। কিন্তু চারদিনের ফরম্যাটে ওয়ালটন সেন্ট্রাল চ্যাম্পিয়ন হওয়াতে কিছুটা এগিয়ে থাকবে।
‘চারটা টিম এখানে খেলতেছে। সবগুলো টিমই খুব ভালো, কম্পিটিটিভ টিম, ভালো ক্রিকেটারদের নিয়ে টিম তৈরি করা হয়েছে। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। তবে চার দিনের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কারণে আমরা একটু এগিয়ে থাকবো সবার থেকে’- এভাবেই বলেছেন মোসাদ্দেক।
ওয়ালটন সেন্ট্রালে মোসাদ্দেক হোসেন ছাড়াও আছেন মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারের মতো তারকা ক্রিকেটার। এবার ওয়ানডেতে যুক্ত হয়েছেন সাকিবও। বিশ্বসেরা অলরাউন্ডার যোগ দেওয়াতে এই দলের শক্তি নিশ্চিতভাবে কয়েকগুণ বাড়িয়ে দেবে। সেটি স্বীকারও করেছেন মোসাদ্দেক।
তিনি বলেন, ‘লংগার ভার্সন ও ওয়ানডে ভার্সন সম্পূর্ণ ভিন্ন। সবাই খুব ভালোভাবে জানি যে সাকিব ভাই থাকলে টিমে কতবড় প্রভাব পড়ে। সাকিব ভাই আসাতে অবশ্যই আমরা আরও বেশি ব্যালেন্সড এখন। আমরা লাস্ট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে এসেছি, সেই ধারবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
চারদিনের আসরে ওয়ালটন সেন্ট্রালের নেতৃত্বে ছিলেন শুভাগত হোম চৌধুরী। পারিবারিক কারণে তিনি ওয়ানডেতে খেলতে না পারায় মোসাদ্দকের কাঁধে পড়ে নেতৃত্বের ভার। ইনজুরির কারণে মোসাদ্দেক মাত্র একটি ম্যাচ খেলেতে পেরেছিলেন চার দিনের সংস্করণে।
তবে নেতৃত্ব নিয়ে চ্যালেঞ্জের কিছু দেখছেন না মোসাদ্দেক। তিনি মনে করেন সাকিব দলে থাকায় অধিনায়কত্ব বাড়তি অনুপ্রেরণা হবে তার জন্য, ‘আসলে এখানে আমি চ্যালেঞ্জের কোনো কিছু দেখতেছি না। এখানে সবাই ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত। খুব বেশি সমস্যা আমি দেখতেছি না। সাকিব ভাই থাকাতে বাড়তি চ্যালেঞ্জ না, বাড়তি অনুপ্রেরণা আমার জন্য।’
শনিবার সাকিবসহ পুরো দল অনুশীলনে ঝালিয়ে নেন। ব্যাটসম্যান-বোলাররা সকলেই নেটে লম্বা সময় কাটান। পুরো দলকে দেখা গেছে ফুরফুরে, স্বতঃফুর্ত। মাত্র একদিন অনুশীলনের সুযোগ পাওয়াতে পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়নি বলে মনে করেন মোসাদ্দেক। তবে ক্রিকেটার, মাঠ হতে শুরু করে সবকিছু পরিচিত হওয়ায় মানিয়ে নিতে সমস্যা হবে না বলেও জানিয়েছেন তিনি।
এই ম্যাচের উইকেট হতে পারে স্পোর্টিং। উইকেটে ঘাস দেখার কথা জানিয়ে মোসাদ্দেক বলেন, ‘উইকেটটা দেখে আন্দাজ করা খুবই কঠিন। তবে ঘাস আছে উইকেটে। স্পোর্টিং উইকেট হবে আশা করতেছি। আগে থেকে বলা কঠিন, তবে একটা ভালো স্কোর (দলীয়) আশা করছি।’
এদিকে ইসলামী ব্যাংকের ক্রিকেটাররাও নিজেদের ঝালিয়ে নেয়। শক্তির বিচারে তারাও পিছিয়ে নেই। প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন ইমরুল কায়েস। দ্বিতীয় ম্যাচে তামিম ইকবাল যোগ দিলে তিনি পেতে পারেন নেতৃত্বের ভার। প্রথম ম্যাচে তামিম না থাকায় ওয়ালটন সেন্ট্রালের জন্য দারুণ সুযোগও।
দলটির তরুণ ক্রিকেটার শাহাদাত হোসেন দিপু জানান তাদের প্রস্তুতি খুব ভালো। তিনি বলেন, আমরা টানা ক্রিকেটের মধ্যে আছি। আমাদের টিমের প্রস্তুতি অনেক ভালো। টিমের কম্বিনেশনও ভালো। আশা করছি জয় দিয়ে শুরু হবে।
ওয়ালটন সেন্ট্রাল জোন:
আবদুল মজিদ, মিজানুর রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইবুর রহমান, আল আমিন, জাকের আলী অনিক, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, হাসান মুরাদ ও নাজমুল ইসলাম অপু।
ইসলামী ব্যাংক ইস্ট জোন:
ইমরুল কায়েস, আরিফ হোসেন, ইরফান শুক্কুর, তানভীর ইসলাম, রনি তালুকদার, রুবেল হোসেন, নাদিফ চৌধুরী, প্রীতম কুমার, নাঈম হাসান, সোহরাওয়ার্দী শুভ, শাহাদাত হোসেন দিপু, মোহাম্মদ আশরাফুল রেজাউর রহমান রাজা ও আলাউদ্দিন বাবু।