শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

প্রতিশোধ নিতে চায় সাউথ, ছাড় দেবে না ওয়ালটন সেন্ট্রাল জোন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চার দিনের আসরে বিসিবি সাউথ জোনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ালটন সেন্ট্রাল জোন। একই দলের বিপক্ষে এবার ইন্ডিপেন্ডেন্স কাপে খেলতে নামছে চার দিনের আসরে চ্যাম্পিয়ন দলটি। তাদের হারিয়ে ৫০ ওভারের টুর্নামেন্টের শিরোপাও ঘরে তুলতে চায় মোসাদ্দেক হোসেন বাহিনী।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

চারদিনের আসর ও ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে প্রতিপক্ষ একই দল হলেও এতে কোনো চাপ মনে করছেন না ওয়ালটন সেন্ট্রালের অধিনায়ক মোসাদ্দেক। ‘এটা আমি আলাদা চাপ মনে করছি না। গত কালকের ম্যাচ থেকে আমরা শিক্ষা নিয়েছি, যা পরবর্তী ম্যাচে খুবই কাজে দিবে।’

টুর্নামেন্টে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে ওয়ালটন সেন্ট্রাল-বিসিবি সাউথ ফাইনাল নিশ্চিত করে। টানা দুই ম্যাচে ওয়ালটন সেন্ট্রাল জিতলেও শেষ ম্যাচে হেরে যায় বিসিবি সাউথের কাছে। ফাইনালের লড়াইয়ে এই ম্যাচ থেকে ভুলগুলো শুধরে নামতে চান মোসাদ্দেক-সৌম্যরা।

ফাইনালের লড়াইয়ে নামার জন্য ওয়ালটন সেন্ট্রাল মুখিয়ে আছে জানিয়ে মোসাদ্দেক বলেন, ‘আমি মনে করি আমিসহ আমাদের দলের কেউ চাপে নেই। একটা ভালো ফাইনাল হবে। সেটা নিয়ে সবাই এক্সাইটেড। ভালো একটা ম্যাচ হবে আশা করতেছি।’

প্রথম দুই ম্যাচে ওয়ালটন সেন্ট্রালের হয়ে খেলছিলেন সাকিব আল হাসান। দুই ম্যাচে ওয়ালটন সেন্ট্রাল হারায় ইসলামী ব্যাংক ইস্ট জোন ও বিসিবি নর্থকে। তৃতীয় ম্যাচে সাকিব ছিলেন না, সেই ম্যাচে ৫ উইকেটে বিসিবি সাউথের কাছে হারেন মোসাদ্দেকরা।

সাকিব দলে থকলে আলাদা একটা প্রভাব কাজ করে জানিয়ে মোসাদ্দেক বলেন, ‘সাকিব ভাই বড় এক একটা ফ্যাক্ট। শুধু আমাদের টিমে না যে দলেই সাকিব ভাই থাকুক না কেন, এই দলটি এগিয়ে থাকবে।’

ফাইনালের আগে ওয়ালটন সেন্ট্রালের ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিয়েছে। ব্যাট হাতে লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেন মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার। মিঠুন শেষ দুই ম্যাচে ছিলেন না, পেটে সমস্যা থাকায়। ফাইনালের লড়াইয়ে তিনি ফিরছেন পুরোপুরি ফিট হয়েই।

লিগ পর্বের শেষ ম্যাচে ওয়ালটন সেন্ট্রালের বড় বাধা ছিল মোস্তাফিজুর রহমান। তিনি একাই নিয়েছেন চার উইকেট। ফাইনালে নিজেদের সেরাটা খেলে মোস্তাফিজকে মোকাবেলা করতে চায় ওয়াটন সেন্ট্রালের ক্রিকেটাররা।

মোসাদ্দেক বলেন, ‘মোস্তাফিজকে নিয়ে আপনি পরিকল্পনা করতে পারবেন না। সবাই জানে ও আলাদা। ওর কাজ ও করবে, আমাদের কাজ থাকবে সেরাটা খেলা। আমাদের প্রক্রিয়াটা আমরা মেইনটেইন করবো। সে অনুযায়ী ক্রিকেট খেলার চেষ্টা করবো।’

এদিকে সাউথ জোন আজ বিশ্রাম করে কাটিয়েছে। কয়েকজন জিম সেশন করেছে। এ ছাড়া সকলে হোটেলেই বিশ্রাম নিয়েছেন।

ম্যানেজার জামাল বাবু জানিয়েছেন তারা ওয়ালটন সেন্ট্রালকে হারিয়ে প্রতিশোধ নিতে চান, ‘আমরা চারদিনের ম্যাচে তাদের বিপক্ষে হেরেছি। এবার আমরা প্রস্তুতি নিয়ে নেমেছি। শেষ ম্যাচে তাদের হারিয়েছি। আমাদের মোস্তাফিজের মতো বোলার আছে। আশা করি চ্যাম্পিয়ন হবো।’

সাউথ জোন প্রতিশোধের আশায় প্রহর গুণছে। এদিকে ওয়ালটন সেন্ট্রাল চাপমুক্ত থেকে সেরা খেলাটা খেলে চারদিনের আসরের মতো ইন্ডিপেন্ডেন্স কাপেও চ্যাম্পিয়ন হতে চায়। কে হবে চ্যাম্পিয়ন? জানার জন্য অপেক্ষা করতে হবে আরও একদিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD