৯০ মিনিটের খেলা শেষ, তখনও এক গোল পিছিয়ে রিয়াল মাদ্রিদ। তবে ভাগ্য বদলে যায় যোগ হওয়া ৬ মিনিটের মধ্যে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেই এডার মিলিতাওয়ের গোলে এলচের বিপক্ষে ড্র করে হার বাঁচায় রিয়াল।
রোববার (২৩ জানুয়ারি) রাতে লা লিগার এই ম্যাচের ৪২তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড বোয়ের গোলে এগিয়ে যায় এলচে। এরপর দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিয়া। ২-০ গোলে এগিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে এলচে। তবে ম্যাচের শেষ ১০ মিনিটে এলচের সেই স্বপ্ন চুরমার করে দেয় রিয়াল।
ম্যাচের ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রিয়ালের লুকা মদ্রিচ। তখনো এক গোল করা বাকি। সে লক্ষ্য নিয়ে রিয়াল প্রতিপক্ষ রক্ষণে চাপ বাড়ায়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গোলের দেখা মিলছিল না। দলটির অপেক্ষার শেষ হয় ম্যাচের যোগ করা সময়ে, যোগ করা ছয় মিনিট সময়ের দ্বিতীয় মিনিটে গোল করেন এডার মিলিতাও। তাতেই হারের শঙ্কা ঝেটিয়ে বিদায় করে রিয়াল।
এই ড্রয়ের পর ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্র নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫০। ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেভিয়া।