ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে আরিফুল ইসলাম পেয়েছিলেন আরেকটি সেঞ্চুরি। যুব বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে নিজের সামর্থ্য বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু তার সেঞ্চুরি ম্লান দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি’র ব্যাটে। ডিওয়াল্ড ব্রেভিসের সেঞ্চুরিতে যুব বিশ্বকাপে সপ্তম স্থানের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে হারিয়েছে ২ উইকেটে।
তাতে গতবারের চ্যাম্পিয়নরা এবার বিশ্বকাপ শেষ করল অষ্টম স্থানে। বৃহস্পতিবার অ্যান্টিগায় আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৯৩ রান করে বাংলাদেশ। এবারের আসরে যা ছিল বাংলাদেশের সর্বোচ্চ রান। কিন্তু ওই রানটাও ডিফেন্ড করতে পারেনি রাকিবুলের দল। প্রোটিয়া যুবারা ৭ বল আগে ২ উইকেটে ম্যাচ জেতে। বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান পাওয়ার দিনে ওপেনাররা রানে ফিরেছিলেন। মাহফিজুল ইসলাম ২৯ ও প্রান্তিক নওরোজ নাবিল ৩৮ রান করেন। তবে বাংলাদেশের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান শেষদিনও ছিলেন আড়ালেন। ১ রানে আউট হন আইচ মোল্লা।
পঞ্চম স্থানের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন আরিফুল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন একেবারে সাবলীল। উইকেটের চারিপাশে দারুণ সব শট খেলে তুলে নেন দ্বিতীয় সেঞ্চুরি। ১০৩ বলে ৯ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি। উইকেটে থিতু হতে সময় নিয়েছিলেন। ১০ রান পেতেই খেলেন ৩৫ বল। প্রথম বাউন্ডারির জন্য অপেক্ষা করতে হয় ৩৯ বল। ৩৮তম ওভারে ব্রেভিসকে চার মেরে ৭৩ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। এরপরই নিজের খোল থেকে বেরিয়ে আসেন। ৪৭তম ওভারে মাপহাকাকে চার মেরে সেঞ্চুরিতে পৌঁছান ১০১ বলে। হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছান পরের ২৮ বলে।
পরের ওভারে বোস্টকে তুলে মারতে গিয়ে সেঞ্চুরিয়ান আউট হন ১০২ রানে। মিডল অর্ডারে তাকে সঙ্গ দেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ফাহিম ও মেহরব। দুজনের ব্যাট থেকে আসে ৩৬ রানের দুইটি ইনিংস। শেষ দিকে রিপন মন্ডল ১৪ রানে অপরাজিত থাকে। স্কোরবোর্ডে ভালো পুঁজি নিয়ে বাংলাদেশের বোলিংয়ের শুরুটা ভালো হয়েছিল। মুশফিক হাসান ১০ রানে আউট করেন জাডে স্মিথকে। কিন্তু তিনে নেমে ‘বেবি এবি’ মানে এবি ডি ভিলিয়ার্সের ‘শিশু ভার্সন’ খ্যাত ডিওয়াল্ড ব্রেভিস সব হিসেব পাল্টে দেন। পাল্টা আক্রমণে বাংলাদেশের বোলিং এলোমেলো করে দেন। ১৩০ বলে ১৩৮ রান করেন তিনি। ১১ চার ও ৭ ছক্কা হাঁকান। তাতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ দিকে তাকে থামিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। কিন্তু বোস্টের ৪১, সিমিলানের ২০ রানে শেষ হাসিটা দক্ষিণ আফ্রিকাই হাসে। বল হাতে ২টি করে উইকেট নেন রিপন মন্ডল, মুশফিক হাসান ও মেহরব। বিশ্বকাপে এবার বাংলাদেশের পারফরম্যান্স ছিল তালগোল পাকানো।
ছোট দলগুলোর বিপক্ষে জ্বলে উঠলেও বড় দলগুলোর বিপক্ষে লড়াইও করতে পারেনি বাংলাদেশ। ফাইনালে উঠা ইংল্যান্ড ও ভারতের কাছে বাংলাদেশের হারের ধরণ ছিল হতশ্রী। গ্রুপ পর্বের লড়াইয়ে জিতেছিল কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এরপর স্থান নির্ধারণী লড়াইয়েও ভালো করেনি। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরিফুলের জোড়া সেঞ্চুরি ম্লান বোলারদের নির্বিষ বোলিংয়ে। ওয়েস্ট ইন্ডিজে হতাশার সফর শেষ হলো আটে থেকে।