শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অস্ত্রোপচারের পর চলে গেলেন চিকিৎসক; রক্তক্ষরণে মারা গেলেন মা-শিশু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে অবস্থিত লাইফ কেয়ার ক্লিনিকে চিকিৎসক না থাকায় সিজারের পর প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বজনদের দাবি- প্রসূতি ও নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হলে ক্লিনিকে চিকিৎসক না থাকায় দুজনের মৃত্যু হয়। তবে প্রসূতি ও নবজাতকের চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি হয়নি বলে ক্লিনিক কর্তৃপক্ষ দাবি করে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে উপজেলার টংগুয়া গ্রামের ধরপাড়ার আবু সায়েমের স্ত্রী মাজেদা বেগমের (৩৫) প্রসব বেদনা শুরু হলে পাকেরহাট লাইফ কেয়ার ক্লিনিকে নেওয়া হয়।

পরে ওই ক্লিনিকের দায়িত্বরত নার্সরা নরমাল ডেলিভারির চেষ্টা করার পর রোগীর স্বজনদের আগ্রহে রাত সাড়ে ১১টার দিকে ক্লিনিকে সিজার করা হয়। সে সময় রোগীর সিজার করেছিলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্জন ডা. রবিউল ইসলাম।

সিজার সম্পন্নের পর চিকিৎসক ওই ক্লিনিক ত্যাগ করে চলে যান। এরপর প্রসূতির রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসকের অনুপস্থিতিতে প্রসূতি ও নবজাতককে নার্স ও ক্লিনিক কর্তৃপক্ষ চিকিৎসা প্রদান করে। এর পরও তাদের অবস্থা সংকটাপন্ন হলে রাতে প্রথমে নবজাতক ও পরে প্রসূতিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে প্রসূতির এবং কিছুক্ষণ পর নবজাতকের মৃত্যু হয়।

নিহত প্রসূতির স্বামী আবু সায়েম জানান, চিকিৎসক ভুলে সিজার করতে গিয়ে নাড়ি কেটে ফেলেন। পরে রক্তক্ষরণ বন্ধ না হলে রোগীর অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠান। সেখানে ভর্তির পরপরই প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে।

অপারেশনকারী সার্জন ডা. রবিউল ইসলামকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

তবে প্রসূতি ও নবজাতকের চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি হয়নি বলে ক্লিনিক কর্তৃপক্ষ দাবি করেছে। ক্লিনিকের স্বত্বাধিকারী সৈয়দ নওশাদ জানান, সিজারের পর প্রসূতি ও নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রসূতি ও নবজাতক মারা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য নয়। বিষয়টি জানার পর তা তদন্ত করা হচ্ছে। প্রসূতি ও নবজাতকের মৃত্যুতে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলার প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কিছুদিন আগে পাকেরহাটে অবস্থিত ইনফিনিটি ক্লিনিকে এক প্রসূতি ও মমতাজ ক্লিনিকে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD