শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের প্রাপ্তি দুটি ড্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

বিশ্বকাপের মঞ্চে কিংবা ঘরের মাঠে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ জয়ের সংখ্যাটা বেশ সমৃদ্ধ। সবশেষে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে প্রথম জয় ও প্রথমবারের মতো ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।

এবার রঙিন জার্সি খুলে সাদা জার্সিতে লড়াইয়ের পালা।

আজ বৃহস্পতিবার ডারবানের কিংসমেড স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তবে ইতিহাস বলে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের পথটা একেবারেই সাদামাটা।

২০০২ সালে সাদা পোশাকে দু’দল প্রথমবার মুখোমুখি হয় ইস্ট লন্ডনে। এরপর কুড়ি বছরে আরও ১২ বার দেখা হলেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। ২০১৫ সালে দেশের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে দুটি ম্যাচে ড্র-ই কেবল বড় প্রাপ্তি হয়ে আছে। হারের ম্যাচগুলোতে দুটি ছাড়া বাকি ৮টি ম্যাচেই ইনিংস ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।

তবে রঙিন জার্সিতে ওয়ানডের ইতিহাস যখন বদলাতে পেরেছে বাংলাদেশ, টেস্টেও বাদ যাবে কেন। টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকও জানালেন, জয়ের জন্যই খেলবে বাংলাদেশ।

বুধবার সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘আমি তো সব সময় বলি, যখন খেলি হারার জন্য খেলি না, অবশ্যই জেতার জন্যই খেলি। এই সিরিজেও আমরা জেতার জন্যই খেলব। আমাদের উদ্দেশ্য ম্যাচ জেতা, ভালো ক্রিকেট খেলা। তার আগে কিছু কাজ থাকে, সেগুলো করাটা আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিকভাবে প্রক্রিয়াগুলো ঠিক রাখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রক্রিয়া ঠিকঠাক প্রয়োগ করা, ৫ দিন যদি আমরা কর্তৃত্ব দেখাতে পারি ফল অবশ্যই আমাদের পক্ষে আসবে।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে জয় পাওয়ায় মুমিনুলের প্রত্যাশাটাও বেড়ে গেছে বহুগুণ। এই জয়টা আত্মবিশ্বাস হিসেবে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।

‘আত্মবিশ্বাস অবশ্যই আছে। আপনি যখন একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসেন, এরমধ্যে যখন ওয়ানডে সিরিজ জিতে যাবেন তখন অবশ্যই আত্মবিশ্বাস সবার তুঙ্গে থাকে।’

বিদেশের মাটিতে টেস্ট জিততে শিখেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডের মাটিতেও জয় পেয়েছে টাইগাররা। মাউন্ট মঙ্গানুইতে কিউইদের হারানোটা সাহস জোগাচ্ছে টাইগার অধিনায়ককে।

‘আমরা নিউজিল্যান্ডে কীভাবে খেলেছিলাম, ওই সময় যে প্রক্রিয়াগুলো ছিল, সেগুলো আবার চালিয়ে যেতে হবে। নিউজিল্যান্ডের কন্ডিশনে যে সব জায়গায় পিছিয়ে ছিলাম, সেগুলো উন্নতি করতে হবে। সবমিলিয়ে আত্মবিশ্বাস তো অবশ্যই আছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD