ডারবানের দিনের শুরুটা যেভাবে করেছিল দক্ষিণ আফ্রিকা সেটি ধরে রাখতে পারেনি দিনের শেষ পর্যন্ত। কিংসমিড স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠানোয় সমালোচনাও উঠেছে টাইগার অধিনায়ককে নিয়ে।
তবে দিন শেষে স্বস্তি স্বাগতিকদের ২৩৩ রানে ৪ ব্যাটারকে সাজঘরে ফেরানো। টাইগার কোচ রাসেল ডমিঙ্গোর এখন প্রত্যাশা সাড়ে তিনশ রানের আগে অল-আউট করা।
‘আমি মনে করি, শেষ সেশনে আমরা বেশ আঁটসাঁট বোলিং করেছি। যদি নতুন বলে একটা কিংবা দুইটা উইকেট নিতে পারতাম খুব ভালো হতো। আমাদের যতটা সম্ভব ‘সিম্পল’ রাখার চেষ্টা করতে হবে। সকালে ধারাবাহিক হতে হবে। পরিসংখ্যান দেখাচ্ছে কিংসমিডে প্রথম দিনে গড় রান ৫ উইকেটে ২৪০, তো এটা (বেশি) রানের মাঠ নয়। ওদের ৩০০-৩২০ রানের মধ্যে থামাতে পারলে আমরা ভালো ভাবেই লড়াইয়ে থাকব।’
ব্যাট করতে নেমে দুই ওপেনার ডিন এলগার ও সারেল এরউইর জুটি ভাঙতেই অপেক্ষা করতে হয় ৩৩.২ ওভার পর্যন্ত। অর্ধশতক হাঁকানো এলগারকে ফেরান খালেদ আহমেদ। পরের ওভারেই আরেক ওপেনার এরউইকে ৪১ রানের মাথায় বোল্ড করেন মেহেদী মিরাজ। দুজনের ১১৩ রানের জুটি ভাঙার পর স্বস্তি ফিরে টাইগার শিবিরে।
৪৬তম ওভারের শেষ বলে মিরাজের দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় কিগান পিটারসনকে (১৯)। এরপর ৩৪ রানের জুটি বাঁধেন টেম্বা বাভুমা ও রায়ান। দুজনের জুটি ভাঙ্গেন এবাদত হোসেন। রায়ানকে ফেরান ২১ রানে।
তবে বাভুমা ও কাইল ভারনাইন মিলে শেষ করেছেন প্রথম দিন। প্রোটিয়া ব্যাটাররা ঘুরে দাঁড়ালেও ডমিঙ্গো মনে করছেন বোলাররা দারুণ করেছেন।
‘আমাদের (পেস) বোলিং আক্রমণ অনভিজ্ঞ। খালেদ কেবল ওর চতুর্থ টেস্ট খেলছে। ১২ ম্যাচ নিয়ে এই টেস্টে ইবাদত আমাদের সবচেয়ে অভিজ্ঞ পেসার। সে শেষ টেস্ট খেলেছে সম্ভবত তিন বা চার মাস আগে। আশা করি, বাজে প্রথম সেশন থেকে ছেলেরা শিক্ষা নিয়েছে। ওরা একটু স্নায়ু চাপে ভুগছিল। এমন একটা উইকেটে বোলিং করতে ওরা উন্মুখ ছিল, যেটায় ওরা ভেবেছিল ওদের জন্য কিছুটা সহায়তা আছে। ওরা কিছুটা শৃঙ্খলা হারিয়ে ফেলেছিল, তবে লাঞ্চের পর ওরা ছিল দুর্দান্ত।’