লক্ষ্মীপুরে ফেসবুকে অভিমানী স্ট্যাটাস দিয়ে ইউছুফ কামাল (২৮) নামে এক ব্যবসায়ী না ফেরার দেশে চলে গেলেন। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে ময়নাতদন্ত শেষে সদর হাসপাতাল থেকে পরিবারের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়। ইউছুফ সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের আবদুর রহমান মাস্টার বাড়ির আবুল হাশেমের ছেলে। তিনি ঢাকার রায়েরবাগ এলাকায় স্যানিটারি ব্যবসায়ী ছিলেন।
খবর পেয়ে সকালে পুলিশ বাড়ির পাশের একটি নির্জন বাগান থেকে কামালের মরদেহ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার (১২ এপ্রিল) দিবাগত রাতের কোনো একসময় তিনি মারা যান।
পারিবারিক সূত্র জানায়, কামাল মাদকের সঙ্গে জড়িয়ে অসুস্থ হয়ে পড়ে। একাধিকবার তাঁকে ঢাকাসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা করানো হয়। মঙ্গলবার বিকেলে মায়ের কাছ থেকে তিনি টাকা চেয়েছেন। মা তাকে ৫০০ টাকা দেয়। এরপর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। ইফতারের সময় ভাই ইব্রাহিম ফোন দিয়ে তাঁকে বাড়িতে আসার জন্য বললেও আসেননি। সকালে বিভিন্ন স্থানে খুঁজেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাগানে গিয়ে তাঁর মরদেহ দেখা যায়।
মঙ্গলবার দুপুরে কামাল ফেসবুকে অভিমান করে একটি স্ট্যাটাস দেন। তা হলো ‘এখন আর কেউ ভালোবাসে না। এই পৃথিবীতে যার টাকা আছে, তার দাম সবার কাছে আছে। হয়তো অভিমান করে চলে যাবো। আর আসবো না ফিরে’।
কামালের ভাই ওমানপ্রবাসী মো. ইব্রাহিম বলেন, ‘ঢাকা সিটি কলেজ থেকে আমার ভাই অনার্স পাস করে রায়েরবাগ এলাকায় ব্যবসা করে। এর মধ্যে কামাল মাদক সেবন করে অসুস্থ হলে কয়েকবার তাকে চিকিৎসা করানো হয়। ৩ বছর আগে বিয়ে করে। ব্যাবসায়িক কারণে স্ত্রীকে নিয়ে সে ঢাকাতেই থাকত। বাড়িতে মাঝেমধ্যে আসত। কি কারণে সে আমাদের ছেড়ে এভাবে চলে গেল, তা বুঝতে পারছি না। ‘
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে।