বগুড়ার কাহালুতে দেশীয় অস্ত্র একনলা বন্দুক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার কলমা শিবা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, কলমা শিবা গ্রামের মৃত দেবেন্দ্রনাথ প্রামানিকের ছেলে নিলুচন্দ্র প্রামানিক (৪৫) এবং তার ছেলে সঞ্জিত চন্দ্র প্রামানিক (২২)।
সুদীপ কুমার চক্রবর্তী জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উল্লেখিত গ্রামের একরাম হোসেন নামে এক যুবকের দুই পায়ে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করে। রাতেই কলমা শিবা গ্রামের আকরাম হোসেন বাবলুর ছেলে শামিম হোসেনকে (৩০) পুলিশ গ্রেপ্তার করে। শামিম জেরার মুখে পিতা-পুত্রের সন্ধান দেয়। তার তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এ সময় কাহালু থানার অফিসার ইনচার্জ আমবার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গ্রেপ্তারকৃতের বাড়ির টয়লেটের কাছে মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো ব্যাগ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে একনলা বন্দুক তৈরির ব্যারেল ৫টি, লোহার তৈরি রিকয়েলিং স্প্রিং ৩টি, ফায়ারিং পিন ৬টি, বন্দুকের ট্রিগার ৬টি, বন্দুক তৈরির স্টীলের খাপ ৫টি, স্টীলের নল ৪টি, বিভিন্ন সাইজের লোহার পাত ১৯টি, খাঁজ কাটা রডসহ অন্যান্য সরঞ্জাম।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাহালু থানার মামলা দায়ের হয়েছে।