সংক্ষিপ্ত স্কোর: দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১১৫/৫ (৩৩ ওভার)
প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৫০৬/১০ (১৬৫.১ ওভার); লিড: ১৪১ রান
প্রথম ইনিংসে বাংলাদেশ- ৩৬৫/১০ (১১৬.২ ওভার) মুশফিক ১৭৫*।
পঞ্চম দিনের প্রথম ঘণ্টার খেলায় মুশফিকের উইকেট হারিয়েছে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে লিটনকে সঙ্গে নিয়ে জুটি গড়েছেন সাকিব। এরই মধ্যে তাদের জুটির রান পঞ্চাশ পেরিয়েছে। বাংলাদেশের দলীয় রানও তিন অঙ্ক ছাড়িয়েছে।
লিটন ২২ গজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নিজের স্বভাবসুলভ শট খেলে চাপ সামলে নিচ্ছেন। সাকিবও তাই। ওয়ানডে মেজাবে ব্যাটিং করছেন তিনি। দুজনের ব্যাটিংয়ে প্রবল আত্মবিশ্বাস থাকলেও তা কতক্ষণ টিকে থাকে সেটাই দেখার। এই জুটির ওপর অনেক কিছু নির্ভর করবে। জুটি বড় হলে বাংলাদেশের ম্যাচ বাঁচানোর সম্ভাবনাও বেড়ে যাবে।
বলের লাইন মিস করে বোল্ড মুশফিক
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত উইকেট না হারানোর কথা বলেছিলেন সাকিব। কিন্তু আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানের জুটি টিকল ৩৭ মিনিট। মুশফিকের বিদায়ে সকালের সেশনেই উইকেট হারাল বাংলাদেশ। পেসার রাজিথার বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন প্রথম ইনিংসে ১৭৫ রানে অপরাজিত থাকা মুশফিক। বল স্কিড করে ভেতরে ঢুকেছিল। শরীরী ভাষায় আলগা মনোভাবও ছিল। তাতেই বিপদ ডেকে আনেন। ৩৯ বলে ২৩ রানে ফেরেন মুশফিক। নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান।
রিভিউ নিয়ে টিকে রইলেন লিটন
১৯তম ওভারের শেষ বল। পেসার রাজিথার লেগ স্টাম্পের উপরের বল ফ্লিক করতে চেয়েছিলেন লিটন। ব্যাট-বলের রসায়ন জমেনি। বল তার প্যাডে লেগে যায় উইকেটের পেছনে। শ্রীলঙ্কার কট বিহাইন্ডের আবেদনে আঙুল তোলেন জো উইলসন। সঙ্গে সঙ্গে রিভিউ নেন লিটন। রিপ্লেতে দেখা যায়, বল পেরিয়ে যাওয়ার পর ব্যাট চালিয়েছেন লিটন। তার প্যাডে লেগে বল যায় ডিকাভেলার হাতে।
সাকিবের তিন ঘণ্টার চ্যালেঞ্জ
মুশফিক ও লিটন দিন শুরু করেছেন। ২৪ রানে ৫ উইকেট হারানোর পর প্রথম ইনিংসে মুশফিক ও লিটন ২৭২ রানের জুটি গড়েছিলেন। আজ তাদের থেকে এমন কিছুর প্রত্যাশা করছেন সাকিব। তাদের পর স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে আছেন তিনি ও মোসাদ্দেক।
পঞ্চম দিন তিন সেশন কাটিয়ে দিতে এই চারজনের ওপর নির্ভর করতে হচ্ছে দলকে। কাজটা কঠিন। তবে সাকিব হাল ছাড়বেন না। জানালেন, লিটন ও মুশফিক লাঞ্চ পর্যন্ত খেলতে পারলে পরবর্তী তিন ঘণ্টা কাটিয়ে দেওয়ার চ্যালেঞ্জ নেবেন। এজন্য চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ব্যাটিং করতে হবে তা বলার অপেক্ষা রাখে না। পারবেন তো সাকিব?
কে হাসবে শেষ হাসি?
বাংলাদেশের ৬ উইকেট তুলে নিতে পারলেই মিরপুর শের-ই-বাংলায় শতভাগ জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখবে শ্রীলঙ্কা। এই মাঠে আগে তিনবার টেস্ট খেলে তিনবারই বাংলাদেশকে হারিয়েছে তারা। তাদের জন্য আজকের কাজটা সহজ। সারাদিনে ৯০ ওভারেরও বেশি খেলা হবে। ৬টি ম্যাজিকাল ডেলিভারিতেই জয় নিশ্চিত। তাতে দিমুথ করুণারত্নেরা জিতে নেবে টেস্ট সিরিজও।
বাংলাদেশের জন্য কাজটা খুব কঠিন। সারাদিন মাটি কামড়ে ২২ গজে পড়ে থাকতে হবে। ১০৭ রানে এখনও পিছিয়ে আছে। রানের জন্য নিশ্চিতভাবেই খেলবে না স্বাগতিকরা। উইকেট আগলে রাখার কাজটাই বাংলাদেশের আসল পরীক্ষা। অতীতে এমন পরিস্থিতিতে ম্যাচ বাঁচানোর খুব একটা রেকর্ড নেই বাংলাদেশের। হাতেগোনা দুয়েকবার যা হয়েছে সেসব সুখস্মৃতিতে আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশ।