টাঙ্গাইলের ঘাটাইলে একটি মালবাহী পিকআপ একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ জন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে উপজেলার পোড়াবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার এসআই মতিউর রহমান।
নিহতের নাম মো. শামীম (৩৫)। তিনি ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি গ্রামের মজিবরের ছেলে। আহত দুজন গাড়িচালক গোপালপুর উপজেলার সুতি গ্রামের ছামাদ (২১) এবং হেলপার একই উপজেলার শাপলাবাড়ি গ্রামের শিপন মিয়া (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়াভর্তি (ধানের ভূষি) একটি পিকআপ টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পোড়াবাড়ি খনিরচড়া নামক স্থানে একটি ট্রাককে ওভারটেকিং করতে যায়। এসময় ট্রাকের পেছনের অংশে ধাক্কা লেগে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে পিকআপে থাকা ৩ জনের একজন ঘটনাস্থলেই মারা যান। অপর দুজন আহত হন।