শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নয়নকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত কুলাউড়ার অলিউর রহমান নয়নের বাড়ি এখন শোকে স্তব্ধ। পরিবারের বড় ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা। তার এই মৃত্যু মেনে নিতে পারছে না ছোট ভাই-বোনসহ গ্রামের কেউই।

সোমবার (৬ জুন) নয়নের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। পরিবারের বড় ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ তারা। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।

নয়ন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামের আশিক মিয়ার ছেলে। পরিবারে ৪ ভাই ও ২ বোনের মধ্যে নয়ন বড়। দরিদ্র পরিবারের সন্তান নয়ন ৪ মাস আগে একই গ্রামের বাসিন্দা ঠিকাদার মামুন মিয়ার মাধ্যমে বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ নেয়।

নয়নের মায়ের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কয়েক বছর আগে আরেক জায়গায় বিয়ে হয়ে যায়। এরপর বাবা আরেকটি বিয়ে করেন। নতুন মা ও বাবার সঙ্গে থাকতো নয়ন। ফটিগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী ও কর্মধা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। এরপর অভাবে পড়ালেখা বাদ দিয়ে চাকরিতে যায় নয়ন। মাসে ১০ থেকে ১২ হাজার টাকা আয় হতো।

শনিবার (৪ জুন) রাতে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ফেসবুকে লাইভে থেকে সবাইকে আগুনের খবর দিচ্ছিল নয়ন। হঠাৎ কেমিক্যাল কনটেইনার বিস্ফোরণ হলে তার হাতের মোবাইল ছিটকে যায়। এরপর থেকে নয়ন নিখোঁজ ছিল।

রোববার (৫ জুন) স্বজনরা জানতে পারে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নয়নের মরদেহ রয়েছে। খবর পেয়ে তার বাবাসহ নিকটাত্মীয়রা মরদেহ আনতে যায়।

সোমবার (৬ জুন) সকালে নয়নের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাকে এক নজর দেখার জন্য আত্মীয়-স্বজনরা ভিড় করে। পরে বেলা ২টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নয়নের বাবা আশিক মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, নয়ন সর্বশেষ ঈদুল ফিতরের ছুটিতে বাড়িতে আসে। কয়েকদিন ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে যায়। অগ্নিকাণ্ডের দুই ঘণ্টা আগে নয়ন ফোন করে জানায় তার বোনের জন্য এক হাজার টাকা পাঠিয়েছে। কে জানতো নয়ন এভাবে চলে যাবে।

এলাকাবাসী জানান, নয়ন নম্র স্বভাবের ছিল। তার অকাল মৃত্যু তারা মেনে নিতে পারছে না। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের কাছে আহ্বান জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী জানান, নয়নের পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন ভবিষ্যতেও পাশে থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD