মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

ডেসটিনির এমডি রফিকুলের স্ত্রী ফারাহ দিবা কারাগারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২

অর্থ পাচারের মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের স্ত্রী ফারাহ দিবাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১২ জুন) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলমের আদালতে পলাতক থাকা এ আসামি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শাহিনুর ইসলাম। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ১২ মে এ মামলার পলাতক আসামি ফারাহ দিবাকে ৮ বছরের কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

একই মামলায় ডেসটিনি-২০০০ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনকে ১২ বছরের কারাদণ্ড ও ২০০ কোটি টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়াও এই কোম্পানির পরিচালক ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদকে ৪ বছরের কারাদণ্ড ও সাড়ে ৩ কোটি টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD