মৌলভীবাজারে শ্রীমঙ্গলের হাবিব মার্কেটের সামনে দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক লোকমান হোসেন নিহত হয়েছেন। নিহত চট্টগ্রাম খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার আবু জাফর মিয়ার পুত্র। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও শ্রীমঙ্গল থানা পুলিশসহ স্থানীয়রা নিউ মধুমতি ট্রান্সপোর্ট নামের কাভার্ডভ্যানটির দরজা কেটে লোকমান হোসেনকে বের করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল সোমবার (১৩ জুন) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাসান জানান, হবিগঞ্জ রোডের হাবিব মার্কেটের বাম পাশে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ১৩-৫৩৯৯) মালামাল আনলোডের জন্য দাঁড়িয়য়েছিল। এসময় পেছন থেকে আসা নিউ মধুমতি ট্রান্সপোর্ট নামের কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ট ২৪-৫৬৮২) দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মধুমতি কাভার্ডভ্যানের চালক লোকমান হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
ফায়ার সার্ভিস ও পুলিশ লোকমান হোসেনকে শ্রীমঙ্গল ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শারমিন তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গল থানার এএসআই মো. আলাউদ্দিন বলেন, মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকালে লাশ মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। নিহত চালকের ব্যবহৃত ফোন ও মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে তার ঠিকানা শনাক্ত করে পরিবারকে খবর দেওয়া হয়েছে।