সৌদি আরবের তায়েফ নগরীতে সড়ক দুর্ঘটনায় রাকিবুল হাসান (২২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। মাত্র ১২ দিন আগেই পরিবারের ভাগ্য ফেরাতে সৌদি যান তিনি।
স্থানীয় সময় বুধবার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে রিয়াদের তায়েফ নগরীর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল হাসান ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের গাঙ্গিনাপাড় গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
নিহতের ছোট ভাই সাকিবুল ইসলাম বলেন, সৌদিপ্রবাসী চাচাতো ভাই আবদুল্লাহ আল মামুন ফোনে রাকিবুলের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন। পরিবারের ভাগ্য ফেরাতে ভাই সৌদি আরবে গিয়েছিলেন। এখন ভাইয়ের লাশ ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছি। সেখানে কী হয়েছিল, তাও জানতে পারছি না।
নিহতের বাবা চাঁন মিয়া বলেন, গত ১ জুন রাকিবুল রোড ক্লিনারের কাজ নিয়ে সৌদি আরবের রিয়াদে যান। সেখানে গিয়ে তায়েফে কাজে যোগদান করেন। কিন্তু ১২ দিন যেতেই গাড়ি চাপায় ছেলে মারা গেল।
রাকিবুলের তিন বছরের এক ছেলেও আছে। চার লাখ টাকা ঋণ করে ছেলেকে বিদেশে পাঠাই। এখন সব হারিয়ে সংসার নিয়ে সাগরে ডোবার মতো অবস্থা হয়েছে আমাদের।
চাঁন মিয়া স্থানীয় সিডস্টোর বাজারে একটি চায়ের দোকান চালান। ছেলেকে সৌদি আরবে পাঠাতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে তিন লাখ টাকা ধারদেনা করতে হয়েছে তার। আশা ছিল ছেলের আয়ের টাকা দিয়ে পরিবারের সচ্ছলতা ফেরার পাশাপাশি সব ধার দেনা পরিশোধ করে দেবেন।