পাবনার আমিনপুরে ট্রেনে কাটা পড়ে নিরব হোসেন নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার (২৫ জুন) সকাল ৮টার দিকে আমিনুর থানার মাশুমদিয়ার ঝুলন্ত রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিরব সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামের লিটন সরদারের ছেলে ও ঢাকা উত্তরা স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, নিহত যুবক গতকাল শুক্রবার ঢাকার স্কুল থেকে ছুটি নিয়ে পুরান মাসুমদিয়ার নানাবাড়ি বেড়াতে এসেছিল।
আজ সকালে ঘুম থেকে উঠে ঝুলন্ত সেতুর পাশে রেললাইনের ওপরে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গান শুনছিল নিরব। এমন সময় ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনটি কয়েকবার হর্ন দিলেও সে শুনতে পায়নি বলে জানান স্থানীয়রা।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী কালের কণ্ঠকে বলেন, ঘটনা জানতে পেরে পুলিশ লাশ উদ্ধার করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার কালের বলেন, এ বিষয়ে অভিযুক্ত ঢালারচর এক্সপ্রেস ট্রেনচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।