শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

ফিফটি করে ফিরলেন জাকির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

ঢাকা টেস্টে তৃতীয় দিনে শুরু থেকেই চাপে বাংলাদেশ। প্রথম সেশনে ৪ উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে কিছুটা আশার সঞ্চার হয় লিটন দাস ও জাকির হাসানের ব্যাটে। দায়িত্বশীল ব্যাটিংয়ে জাকির তুলে নেন ফিফটি, তাতে লিডও নেয় বাংলাদেশ। কিন্তু এরপরেই অঘটন। লিটনকে একা রেখে ৫১ রানে সাজঘরে ফিরলেন জাকির।

ধীর গতিতে বেশ ভালোই এগোচ্ছিলেন জাকির-লিটন। এমন সময় উমেশ যাদবের আউটসাইড অফের বলটা কাট করতে গিয়ে সিরাজের হাতে ধরা পড়েন। ভালো শুরু করার পরেও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন বাঁহাতি ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১১২ রান। সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের লিড এখন ২৫ রানের, হাতে আছে ৫ উইকেট। ৩৭ বলে ২৬ রান করে অপরাজিত আছেন লিটন দাস।

এর আগে তৃতীয় দিনের শুরুই বাজেভাবে হয় বাংলাদেশের। দিনের শুরুতে ৫ রানে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। শান্তর বিদায়ের পর নাম্বার তিনে ব্যাট করা মুমিনুল হকও পাননি রান। মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫ রান করে ফিরেছেন টপ অর্ডার এই ব্যাটার।

লাঞ্চ বিরতির মিনিট পাঁচেক আগে চতুর্থ উইকেট হিসেবে বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম। অক্ষর প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৯ রান করে বিদায় নেন তারকা এই ব্যাটার। এর আগে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। ব্যক্তিগত ১৩ রান করে ফেরেন টাইগার অধিনায়ক।

সিরিজের শেষ টেস্টে টস জিতে প্রথম ইনিংসে ২২৭ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা বিপর্যয়ে পড়েলেও ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে শেষ পর্যন্ত ৩১৪ রানে থামে ভারত। ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করছে বাংলাদেশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD