সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে নিজের বোন ম্যারো (অস্থিমজ্জা) দান করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আমেরিকার এক চিকিৎসক। ডা. আলী আলসামারাহ নামের এই চিকিৎসকের এমন মহৎ কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। নেটিজেনরা চিকিৎসকের প্রশংসা করে তাকে ‘রিয়েল হিরো’ পদবীতে ভূষিত করেছেন।
ডা. আলী মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ। তিনি শিশুটির জীবন বাঁচাতে তার নিজের বোন ম্যারো প্রতিস্থাপন করেছেন। যা তাকে সত্যিকার অর্থেই ‘রিয়েল হিরো’তে পরিণত করেছেন। প্রতিবেদন- এনডিটিভি।
বলা হয়ে থাকে ভালো মানুষ ঈশ্বরের দূত। তারা সব সময়ই নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে থাকেন। কখনো কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন কাছের মানুষকে অনেক দূরের মনে হয়। কিন্তু এমন অনেক উদার হৃদয়ের মানুষও আছেন যাদের কাছে আপন পরের ভেদাভেদ নেই। নিঃস্বার্থভাবে সবার উপকার করাই তাদের কাছে মুখ্য বিষয়- ডা. আলীও তাদেরই একজন।
তিনি তার ছোট্ট এক রোগীর বোন ম্যারো প্রতিস্থাপনের প্রয়োজন হলে নিজেই ডোনেট করার সিদ্ধান্ত নেন। তার স্টোরি ইন্সটাগ্রামে শেয়ার হলে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। তার এমন মহৎ কাজ অসংখ্য মানুষের মন ছুঁয়ে যায়।
ভাইরাল হওয়া পোস্টিতে লেখা হয়েছে, ডা. আলী একটি ফোনকল পান। কলে তাকে জানানো হয়, একটি শিশুর বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশানের জন্য তার বোন ম্যারো ম্যাচ হয়েছে। তিনি এটা জানার পর এক মুহূর্ত দেরি করেন নি। সঙ্গে সঙ্গেই ডোনার হওয়ার সিদ্ধান্ত নেন।
পোস্টে অপারেশন সম্পর্কে ডা. আলী অনুভূতি জানিয়ে বলেন, কিছুটা ব্যথা পেলেও শিশুটিকে বাঁচতে সাহায্য করতে পেরে খুব খুশি হয়েছি।
তিনি জানান, তার এক বন্ধু ক্যান্সারের সাথে লড়াই করা এক রোগীর ডোনার হয়েছিলেন। ওই রোগীকে বাঁচাতে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। এখন জীবন বাঁচাতে তিনি অন্যদেরও ডোনার হতে অনুপ্রাণিত করবেন।
এছাড়াও এক সংবাদ মাধ্যমে ডা. আলী বলেন, তিনি আশা করেন তার এই বার্তা বোন ম্যারো দান কার্যক্রম বৃদ্ধিতে সহায়তা করবে। একইসাথে যাদের বোন ম্যারো প্রয়োজন তাদের জন্য দাতার সংখ্যাও বাড়বে। বিষয়টি জটিল হলেও জীবন রক্ষাকারী এই থেরাপি সম্পর্কে মানুষকে শেখানো এবং সচেতন করে তুলতে হবে।
গুড নিউজ মুভমেন্ট নামে একটি পেজ থেকে ডা. আলীর মহানুভবতার গল্পটি শেয়ার করা হয়েছে। পোস্টটিতে মাত্র দু’দিনেই ৫০ হাজার লাইক ও বেশ কমেন্টও পড়েছে।
কমেন্টে একজন লিখেছেন, অসাধারণ একজন মানুষ এবং বাস্তব জীবনের নায়ক। একজন অনুকরণীয় ডাক্তার।
আরেকজন লিখেন, আপনাকে স্যালুট। আপনি একজন সাহসী ডাক্তার। আপনি দুর্দান্ত, একেই বলে সত্যিকারের মানুষ। আপনি একজন সুপার হিরো।
এক নেটিজেন মন্তব্য করেছেন, আপনি যে শিশুটিকে বাঁচিয়েছেন সে আপনাকে চিরকাল মনে রাখবে। এটা তার এবং তার পরিবারের জন্য আপনার দেয়া এক বিশেষ উপহার।