আমি পুলিশ, কিন্তু আগে তো মানুষ। আমারও অধিকার আছে, আমার কি বাঁচার অধিকার নেই? বিএনপির ২৮ অক্টোবর পুলিশ হত্যার ঘটনা উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নে এমনই মন্তব্য করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
হারুন অর রশীদ বলেন, যে পুলিশ জনগণের পুলিশ, যে পুলিশ জনগণের জানমাল রক্ষায় নিয়োজিত, তথাকথিত রাজনীতির নামে সে পুলিশের উপর নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে, যেসব ছবি সকলের কাছেই আছে। এমনকি পুলিশ হাসপাতালে ভাঙচুর করে অ্যাম্বুলেন্সগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কি মানবাধিকার লঙ্ঘন না? আমরা কার কাছে বিচার চাইব?
তিনি আরও বলেন, বিএনপি’র অভিযোগ পুলিশ মানবাধিকার লঙ্ঘন করছে, আমরাতো আর রাস্তায় দাঁড়িয়ে মানবাধিকারের কথা বলতে পারি না। যারা তথাকথিত মানববন্ধন করছে তারা অনেক কিছুই বলতে পারে, এটা ঠিক না। জাতিসংঘ সনদ অনুযায়ী প্রতিটি মানুষের বাঁচার অধিকার ও আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করা হয়েছে। যারা বলছে পুলিশ মানবাধিকার ক্ষুণ্ন করছে, আসলে তারাই মানবাধিকার লঙ্ঘন করছে।
২০১৪ সালে ৩০ এর উপরে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একটি দল বা গোষ্ঠী যারা এ কাজটি করেছেন তারাই জাতিসংঘের সকল আর্টিকেল লঙ্ঘন করছেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ২৮ অক্টোবরের আগেও নানা কার্যক্রম চালিয়েছে। ২৮ অক্টোবরের পরে যখন ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছিল, এসব কার্যক্রমের জন্য তারা যুবদল-ছাত্রদলকে আট ভাগে ভাগ করেছে।
তাদের সেসব নেতা পুলিশকে পিটিয়েছে, পুলিশের গাড়িতে হামলা করেছে। কোনো সভ্য জাতি এমন কাজ করতে পারে না, তারা হাসপাতালে হামলা চালিয়েছে। শুধু হাসপাতালে হামলাই করেনি অ্যাম্বুলেন্সগুলো পুড়িয়ে দিয়েছে। তাদের অনেককেই ঢাকা ও ঢাকার বাইরে থেকে আমরা গ্রেফতার করেছি।