আমেরিকা কম খরচে বোয়িং বিক্রির প্রস্তাব দিয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশও কিছু বোয়িং কিনতে আগ্রহী। এখন আমেরিকার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বোয়িং কেনার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বেঁচা–কেনার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নেই দাবি করে মোমেন বলেন, আমেরিকা বন্ধু বলেই আমাদের পরামর্শ দেয়। ভালো হলে গ্রহণ করি, অবাস্তব হলে তা আমলে নেওয়া সম্ভব হয় না। আমেরিকার সঙ্গে বাংলাদেশ সম্পর্ক এখনো অনেক ভালো। এ সম্পর্ক উন্নত করতে চায় ঢাকা–ওয়াশিংটন।
মানবাধিকার পরিস্থিতি এবং ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাগরিক পরিসর সংকুচিত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার নিয়ে কাজ করা বিশ্বের ছয়টি সংগঠন, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মোমেন বলেন, আমরা কোনো বিরোধী দলকে হয়রানি করছি না, নির্যাতন করছি না। আমরা যারা সন্ত্রাসী, যারা মানুষের বাড়ি-ঘর জ্বালায়, জনগণের সম্পত্তি; বিশেষ করে, বাস, ট্রেন, ট্রাক জ্বালায়…। যারা মানুষকে মারছে তাদের আমরা শাস্তির আওতায় নিচ্ছি।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন প্রত্যাবাসনের পাইলট প্রকল্প শুরুর আলোচনা হচ্ছিল তখন বিদেশি কেউ কেউ বাধা দেয়। মিয়ানমারের বর্তমান পরিস্থিতির অবনিত হওয়ায় এখন রোহিঙ্গা ফেরত পাঠানোর প্রক্রিয়ায় ধীরগতি চলে এসেছে।