আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোটের দিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি পালনে বিরত রাখতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির এ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, নির্বাচন কমিশন যা বলছে তাই করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোটের কাজে যেনো ব্যাঘাত না ঘটে সেজন্যই তাদের (ইসি) এমন নির্দেশনা।
বুধবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় রেলে নাশকতার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনা করে প্রয়োজন অনুসারে রেল পুলিশের সংখ্যা বাড়ানো হবে।
এর আগে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) ১৮ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি আয়োজনের অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানায়।
চিঠিতে বলা হয়, নির্বাচনী কাজে বাধা হতে পারে, ভোটারেরা ভোট দিতে নিরুৎসাহিত হতে পারেন, এমন কোনো সভা, সমাবেশ বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন থেকে সকলকে বিরত রাখা বাঞ্ছনীয়।
এদিকে, সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকে রাজনৈতিক দলগুলো। দাবি আদায়ে তারা অবরোধ-হরতালের মতো কর্মসূচি দিচ্ছে। ইসির নতুন নির্দেশনার ফলে বিএনপিসহ সরকারবিরোধী আন্দোলনে থাকা দলগুলো কর্মসূচি পালন করতে পারবে কি না সেই প্রশ্ন তৈরি হয়েছে।