শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ভুল চিকিৎসা নয়, বিরল রোগে মারা গেছেন আমিরের ‘দঙ্গল’ কন্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমায় কিশোরী ববিতা চরিত্রে অভিনয় করেন সুহানি ভাটনাগর। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ১৯ বছর বয়সে মারা যান তিনি। এরপর ভারতীয় বিভিন্ন গণমাধ্যম দাবি করে, ভুল চিকিৎসার কারণে সুহানির মৃত্যু হয়েছে। তারপর থেকে বিষয়টি জোর চর্চায়।

এদিকে ভারতীয় সংবাদ সংস্থাকে পিটিআই-কে সুহানির বাবা সুমিত ভাটনাগর জানিয়েছেন, ভুল চিকিৎসা নয়, বরং বিরল রোগ ডার্মাটোমায়োসাইটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুহানি।

ঘটনার বর্ণনা দিয়ে সুমিত ভাটনাগর বলেন, ‘দুই মাস আগে সুহানির হাতে লাল দাগ বাড়তে থাকে। আমরা ভেবেছিলাম, এটি অ্যালার্জির সমস্যা। এরপর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করি। ফরিদাবাদের একাধিক হাসপাতালে চিকিৎসককে দেখাই, কিন্তু কোনো রোগ নির্ণয় করতে পারেননি। তার শারীরিক অবস্থার অবনতি হলে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (এআইআইএম) ভর্তি করাই। কিন্তু সেখানেও তার কোনো উন্নতি হচ্ছিল না। বরং অতিরিক্ত পানি জমার ফলে তার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও কাজ হয়নি।’

ডার্মাটোমায়োসাইটিস একটি বিরল রোগ, যেটি মাংসপেশী দুর্বল করে দেয় এবং চামড়ায় ফুসকুড়ি ওঠে। সুমিত ভাটনাগরের দাবি— পৃথিবীতে ৫-৬ জন ব্যক্তির শরীরে এই রোগ শনাক্ত হয়েছে।

‘দঙ্গল’ সিনেমায় কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান সুহানি। সিনেমাটিতে সহশিল্পী হিসেবে পেয়েছিলেন আমির খান, সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা ও জাইরা ওয়াসিমসহ অনেককে। তা ছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন সুহানি। পড়াশোনার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। পরিকল্পনা ছিল, পড়াশোনা শেষ করে ফের অভিনয়ে ফিরবেন সুহানি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD