বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভার পর এক সংবাদ ব্রিফিংয়ে কমিটির আহ্বায়ক মেজর হাফিজ উদ্দিন আহমেদ একথা জানান।

কর্মসূচিসমূহ হচ্ছে- ২৬ মার্চ ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা এবং সেখানে পুষ্পমাল্য অর্পণ, সাভার থেকে ঢাকায় ফিরে শেরে বাংলা নগর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ।

২৫ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশ এবং ২৭ মার্চ সকাল ১১টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনাসভা।

সারাদেশে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়নে পর্যায়ের সকল কমিটি এবং দলের অঙ্গসংগঠনগুলোকে স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ ও জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দল। স্বাভাবিকভাবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল সর্বোচ্চ মর্যাদা দিয়ে এই মহান স্বাধীনতা দিবসকে আমরা উদযাপন করতে চাই।

একাত্তরের যুদ্ধ ছিল গণতন্ত্র অর্জনের যুদ্ধ। আজকে তো দেশে গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, সংবাদপত্রের মতপ্রকাশের স্বাধীনতা নাই। পাঠ্যপুস্তকে বীরদের কথা লিখিত নাই। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে।

আমরা বিএনপির তরফ থেকে ও মুক্তিযোদ্ধাদের তরফ থেকে স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান রয়েছে তাদের অবদানকে প্রাদপ্রদীপের আলোয় আনার চেষ্টা করব।’
পরে কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দলের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল ‍কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অধ্যক্ষ সেলিম ‍ভূঁইয়া, সাখাওয়াত হাসান জীবন, মুক্তিযোদ্ধা দলের জয়নাল আবদীন, সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক খান, ঢাকা মহানগর বিএনপির ডোমার, ইশরাক হোসেন, তানভীর আহমেদ, যুব দলের রুহুল আমিন আকিল, স্বেচ্ছাসেবক কামরুজ্জামান বিপ্লব, মৎস্যজীবী দলের আবদুর রহিম, মহিলা দলের সুলতানা আহমেদ, তাঁতী দলের আবদুল কালাম আজাদ, মজিবুর রহমান, জাসাসের লিয়াকত আলী, জাকির হোসেন জাকির, ছাত্র দলের রাবিকুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির উপস্থিত ছিলেন।

এর আগে হাফিজ উদ্দিন আহমেদ সভাপতিত্বে ও সদস্য সচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় স্বাধীনতা দিবস উদযাপন কমিটি দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করে কর্মসূচি চূড়ান্ত করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD