শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

প্যারিস অলিম্পিকে ৪৯ জনে ৪৩তম বাংলাদেশি শুটার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪

প্যারিস অলিম্পিকে আজ শুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বে মাঠে নামেন বাংলাদেশি শুটার রবিউল ইসলাম। তাকে ঘিরে প্রত্যাশা খুব বেশি ছিল না। এরপর এই শুটারের লক্ষ্য ছিলো নিজেকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু আজ বাছাইপর্বে ৪৯ জনের মধ্যে ৪৩তম হয়ে বাদ পড়েছেন তিনি।

এয়ার রাইফেলের ১০ মিটারের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৪৯ জন। যাদের মধ্যে রবিউল হয়েছেন ৪৩তম। বাংলাদেশি এই প্রতিযোগীর স্কোর ৬২৪.২। এই পর্বে সবার ওপরে স্কোর করেছেন চীনের লিহাও শেংয়ে। তার স্কোর ৬৩১.৭। সমান স্কোর আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিরেজের।

রবিউলকে ঘিরে পদকের আশা না থাকলেও গত দুই বছর ধরে নিজেকে যেভাবে তৈরি করেছেন, তাতে নতুন কিছু করে দেখাতেও পারেন বলেই ভাবা হয়েছিল। তবে অলিম্পিকের মতো বড় মঞ্চে আর কুলিয়ে উঠতে পারেননি এই তারকা।

ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকে অংশ নিয়েছিলেন ২৪ বছর বয়সী রবিউল। ১৯৯২ সাল থেকে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকে অংশ নিচ্ছে বাংলাদেশের শুটাররা। কিন্তু অলিম্পিকে স্মরণীয় কিছু করে দেখাতে পারেননি কেউই।

অলিম্পিকে গতকাল থেকে পদক তালিকা শুরু হয়েছে। বাংলাদেশের অবশ্য পদকের আশা সেই অর্থে নেই। নিজেদের টাইমিং উন্নতি আর শেষ আট পর্যন্ত উঠতে পারাই মূল লক্ষ্য। অলিম্পিকে পদক তালিকায় মূল প্রতিদ্বন্দ্বিতা হয় চীন ও আমেরিকার মধ্যে।

গতকাল চীন গেমসে প্রথম স্বর্ণ ও আমেরিকা রৌপ্য পেয়েছে। টোকিও অলিম্পিকে আমেরিকা ৩৯ স্বর্ণ নিয়ে প্রথম হয়েছিল। এক স্বর্ণ কম নিয়ে চীন হয়েছিল দ্বিতীয়। প্যারিস অলিম্পিকেও তারা প্রথম–দ্বিতীয় এর লড়াইয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD