শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে কাতারের জোরালো সহযোগিতা কামনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্র কাতারের জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত হাই- রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

সোমবার সন্ধ্যায় দোহায় হোটেল শেরাটনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খোলাইফির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বার্তায় বলা হয়, বৈঠকে হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিল বাংলাদেশে রোহিঙ্গাদের পরিস্থিতি তুলে ধরে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গা ২০১৭ সাল থেকে বাংলাদেশে অবস্থান করায় সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যা তৈরি
হচ্ছে এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ রোহিঙ্গা ইস্যুতে সর্বসম্মতিক্রমে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের বিষয়ে কাতার সক্রিয়ভাবে সহযোগিতা করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে বিস্তৃত সহযোগিতার আশ্বাস প্রদান করেন। হাই-রিপ্রেজেন্টেটিভকে জানান, রোহিঙ্গাদের অমানবিক পরিস্থিতি ও মুসলমান হিসেবে রোহিঙ্গাদের বিষয়টিকে কাতার বিশেষ গুরুত্বারোপ করে থাকে। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন
সরকারের প্রতি কাতারের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এ সময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ও মিশন উপ-প্রধান মো. ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD