শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

যুবদল নেতার মৃত্যু: প্রধান উপদেষ্টার কার্যালয়ের দ্রুত তদন্তের নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

যৌথবাহিনীর অভিযানে আটকের পর কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই নির্দেশের কথা জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা বাহিনীর হেফাজতে যে কোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানায়। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, যেখানে দেশের শীর্ষ মানবাধিকার কর্মীরা সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লায় গতকাল গভীর রাতে আহত অবস্থায় তরুণ তৌহিদুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, শুক্রবার ভোরে তার বাড়ি থেকে আটক করার পর তিনি নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হন।

‘দেশে এ ধরনের অপরাধের বিচারিক প্রক্রিয়া সংস্কারের লক্ষ্যে সরকার ইতোমধ্যে একাধিক কমিশন গঠন করেছে। এসব কমিশনের বেশিরভাগই তাদের প্রতিবেদন জমা দিয়েছে।’

পুলিশি জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের সমস্ত সুযোগ নির্মূল করতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলক সংলাপ করবে বলে প্রেস উইং জানায়।

অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কার কর্মসূচি কার্যকর করতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় স্থানীয় ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহারের পাশাপাশি এই ঘটনা তদন্তে একটি উচ্চ পদস্থ কমিটি গঠন করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়ে আরও বলেছে, তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD