বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

নিগারদের বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়াল উইন্ডিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

জিতলেই বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত। এমন সহজ সমীকরণ সামনে রেখে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল।

কিন্তু ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করা বাংলাদেশ হেরে যায় ৩ উইকেটে। এই পরাজয়ে সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়ল নিগার সুলতানাদের।

পাকিস্তানে চলমান বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ম্যাচে শনিবার স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় অথব বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হলেও বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পাবে বাংলাদেশ।

বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের দুটিতে বাংলাদেশ জিতেছে আগে ব্যাটিং করে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টসে জিতে আজও আগে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার। কিন্তু এবার আগের দুই ম্যাচের মতো বড় রান করতে পারেনি বাংলাদেশ।

প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড গড়ে বাংলাদেশ (২৭১/৩)। পরের ম্যাচে রান তাড়া করে আয়ারল্যান্ডকে হারানো বাংলাদেশ তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করে দলীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ডটি (২৭৬/৬) নতুন করে লিখে জিতেছে স্কটল্যান্ডের বিপক্ষে।

ওই তিন ম্যাচে বাংলাদেশকে বড় স্কোর এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক নিগার। আজ নিগারের ব্যাটে ছিল রানের খরা। বাংলাদেশও তাই পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে ২২৭ রানের বেশি করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন শারমিন আক্তার।

টার্গেট তাড়া করতে নেমে ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। তবে ১৬.৩ ওভারে ৭৪ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

চতুর্থ উইকেটে স্টেফানি টেলর (৫১ বলে ৩৬) ও অধিনায়ক হেইলি ম্যাথুস (৪৫ বলে ৩৩) ৮০ বলে ৬৬ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান। ৭ রানের মধ্যে দুজনই আউট হয়ে ফিরলে শিনেলি হেনরির ৪৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ২৪ বল হাতে রেখে সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD