গত ১২ জুন লন্ডনে পোলো খেলতে খেলতে মৃত্যু হয় ভারতের অন্যতম সফল ব্যবসায়ী ও বলিউড তারকা কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের। ২০০৩ সালে শিল্পপতি সঞ্জয়ের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয় কারিশমার। যদিও সে সম্পর্ক সুখের হয়নি। ১৪ বছর সংসার করার পর ২০১৬ সালে সঞ্জয়ের সংসার ত্যাগ করেন কারিশমা।
তবে প্রাক্তন স্বামীর মৃত্যুর পর এক অন্য কারিশমাকে দেখেছে সবাই। প্রাক্তন বলে এড়িয়ে যাননি তিনি। শ্বশুরবাড়িতে যাওয়া থেকে সঞ্জয়ের শেষকৃত্য বা স্মরণসভা- দুই ছেলেমেয়েকে নিয়ে উপস্থিত ছিলেন কারিশমা। বড় বোনের জীবনের এমন কঠিন সময়ে পাশে ছিলেন কারিনাও। যদিও এ ক’দিনে কোথাও কথা বলতে দেখা যায়নি কারিশমাকে। অবশেষে মৌনতা ভাঙলেন অভিনেত্রী।
যে জুন মাসে সঞ্জয়ের মৃত্যু, সে মাসেই জন্মদিন কারিশমার। এ বছর নিজের জন্মদিন পালনও করেননি অভিনেত্রী। বোনের জন্মদিনে শুভেচ্ছাবার্তায় কারিনা অবশ্য লেখেন, ‘জানি সময়টা কঠিন, কিন্তু ঠিক পেরিয়ে যাবে।’
কারিশমা নিজে সোশ্যাল মিডিয়ায় শেষবার পোস্ট করেছিলেন সঞ্জয়ের মৃত্যুর ঠিক একদিন আগে। তারপর থেকে আর কোনও কিছু পোস্ট করেননি তিনি।
এদিকে সঞ্জয়ের শ্রাদ্ধের কাজ শেষ হয়েছে। দুই ছেলেমেয়েকে নিয়ে দিল্লি থেকে মুম্বই ফিরে এসেছেন। বুধবার ছিল কারিশমার জন্মদিন, অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছেন। তাই এবার আর চুপ থাকতে পারলেন না। কৃতজ্ঞতা জানিয়ে কারিশমা লেখেন, ‘এতটা পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।’